সংরক্ষিত নারী আসনের মনোনয়ন ফরম সংগ্রহের শেষ দিন, বিএনপি কার্যালয়ে উপচে পড়া ভিড়

প্রার্থীদের বাছাইয়ের ক্ষেত্রে দক্ষতা, যোগ্যতা, সাংগঠনিক অভিজ্ঞতা এবং দলের প্রতি অবদানকে সর্বোচ্চ গুরুত্ব দেয়া হবে। এ প্রক্রিয়ার মাধ্যমে যোগ্য ও গ্রহণযোগ্য নারী নেতৃত্বকে জাতীয় সংসদে পাঠাতে চায় বিএনপি।

নয়া দিগন্ত অনলাইন
সংরক্ষিত নারী আসনের মনোনয়ন ফরম সংগ্রহ ও জমা দেয়ার শেষ দিনে জমজমাট বিএনপির কেন্দ্রীয় কার্যালয়
সংরক্ষিত নারী আসনের মনোনয়ন ফরম সংগ্রহ ও জমা দেয়ার শেষ দিনে জমজমাট বিএনপির কেন্দ্রীয় কার্যালয় |নয়া দিগন্ত

রাজধানীর নয়া পল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয় যেন পরিণত হয়েছিল এক রাজনৈতিক মিলনমেলায়। সংরক্ষিত নারী আসনের মনোনয়ন ফরম সংগ্রহ ও জমা দেয়ার শেষ দিনকে কেন্দ্র করে সকাল থেকেই দলীয় কার্যালয়ে নেতা-কর্মী ও সম্ভাব্য প্রার্থীদের ঢল নামে।

দলীয় সূত্র জানায়, ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে মনোনয়ন পেতে আগ্রহী শতাধিক নারী নেত্রী ও তাদের সমর্থকরা সকাল থেকে কার্যালয়ে উপস্থিত হতে শুরু করেন। দুপুরের পর ভিড় আরো বাড়তে থাকে। কার্যালয়ের ভেতর-বাইরে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়- স্লোগান, ব্যানার-ফেস্টুন আর নেতাকর্মীদের প্রাণচাঞ্চল্যে মুখর হয়ে ওঠে পুরো এলাকা।

সকালে গণমাধ্যমের সাথে আলাপকালে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেন, হাজারের বেশি মনোনয়ন ফরম বিক্রি হয়েছে। যাদের আন্দোলন সংগ্রামের অবদান আছে, বিএনপির রাজনীতির সাথে জড়িত ছিলেন, তাদের মনোনয়ন দেয়া হবে।

তিনি বলেন, গুণী ও সাংস্কৃতিককর্মীরাও মনোনয়ন নিয়েছেন। ত্যাগ ও শিক্ষাগত যোগ্যতা এবং যারা গুণী নারীকর্মী, তাদেরই অগ্রাধিকার দেয়া হবে।

আজকেই মনোনয়নপত্র উত্তোলনের শেষ দিন।

গতকাল কণ্ঠশিল্পী কনকচাপার সাথে খারাপ আচরণ করায় দুঃখপ্রকাশ করেছে বিএনপি। যারা তার সাথে দুর্ব্যবহার করেছেন, তাদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেয়া হবে জানান রিজভী।

মনোনয়নপ্রত্যাশী নারী নেত্রীরা বলেন, দীর্ঘদিন ধরে তৃণমূল থেকে শুরু করে জাতীয় পর্যায়ে দলের জন্য কাজ করেছেন তারা। এবার দলীয় নেতৃত্ব তাদের মূল্যায়ন করবে- এমন প্রত্যাশা নিয়েই ফরম সংগ্রহ ও জমা দিতে এসেছেন। কেউ কেউ এটিকে নারীর রাজনৈতিক ক্ষমতায়নের গুরুত্বপূর্ণ ধাপ হিসেবে উল্লেখ করেন।

দলীয় দায়িত্বশীল নেতারা জানান, প্রার্থীদের বাছাইয়ের ক্ষেত্রে দক্ষতা, যোগ্যতা, সাংগঠনিক অভিজ্ঞতা এবং দলের প্রতি অবদানকে সর্বোচ্চ গুরুত্ব দেয়া হবে। এ প্রক্রিয়ার মাধ্যমে যোগ্য ও গ্রহণযোগ্য নারী নেতৃত্বকে জাতীয় সংসদে পাঠাতে চায় বিএনপি।

সব মিলিয়ে, সংরক্ষিত নারী আসনের মনোনয়ন ফরম সংগ্রহ ও জমা দেয়ার শেষ দিনটি বিএনপির কেন্দ্রীয় কার্যালয় পরিণত হয় এক জমজমাট ও তাৎপর্যপূর্ণ রাজনৈতিক আয়োজনে।