সংরক্ষিত নারী আসনে বিএনপির তিন দিনের মনোনয়ন ফরম বিক্রি কার্যক্রমের প্রথম ও দ্বিতীয় দিনে ফরম বিক্রি হয়েছে ১০২৫টি।
শনিবার (১১ এপ্রিল) এ তথ্য নিশ্চিত করেছেন বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান।
তিনি জানান, ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে দলীয় মনোনয়ন ফরম বিক্রি করছে বিএনপি।
১০ এপ্রিল সকাল ১১টা থেকে এ কার্যক্রম শুরু হয়। শেষ হবে আগামীকাল ১২ এপ্রিল (রোববার)। সেদিনই হবে মনোনয়ন ফরম সংগ্রহ ও জমা দেয়ার শেষ দিন। ফরমের মূল্য নির্ধারণ করা হয়েছে দুই হাজার টাকা।
শনিবার সকালে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে গণমাধ্যমের সাথে আলাপকালে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেন, সংরক্ষিত নারী আসনের মনোনয়ন ফরম বিক্রির পাশাপাশি জমাও দিয়েছেন অনেকে।
উদ্বোধনকালে রিজভী বলেন, ১০ এপ্রিল থেকে শুরু হওয়া বিএনপির সংরক্ষিত নারী আসনের মনোনয়ন ফরম বিক্রি ১২ এপ্রিল পর্যন্ত চলবে। প্রতিটি ফরমের মূল্য নেয়া হচ্ছে দুই হাজার টাকা।
এর আগে, গত বুধবার সকালে জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের নির্বাচনের তফসিল ঘোষণা করে নির্বাচন কমিশন (ইসি)। মনোনয়ন দাখিলের শেষ তারিখ নির্ধারণ করা হয়েছে ২১ এপ্রিল। মনোনয়নপত্র বাছাই হবে ২২ ও ২৩ এপ্রিল। বাছাই নিয়ে কোনো আপত্তি থাকলে আপিল করা যাবে ২৬ এপ্রিল, আর সেই আপিল নিষ্পত্তি করা হবে ২৭ ও ২৮ এপ্রিল।
চূড়ান্ত প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্দ দেয়া হবে ৩০ এপ্রিল। এরপর ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে আগামী ১২ মে।
নির্বাচন কমিশন বলছে, নির্ধারিত সময়সূচি অনুযায়ী সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে নির্বাচন সম্পন্ন করতে সব ধরনের প্রস্তুতি নেয়া হয়েছে। আসন বণ্টনে বিএনপি জোট ৩৬টি, জামায়াতে ইসলামী জোট ১৩টি, স্বতন্ত্ররা একটি আসন পাবে।



