নাহিদ ইসলাম

এনসিপি ও পতিত ফ্যাসিস্ট আওয়ামী লীগ একসাথে থাকতে পারে না

‘আমরা নানাভাবে দেখতে পাচ্ছি ফ্যাসিস্টদের আস্ফালন চট্টগ্রামে কমে নাই।’

নয়া দিগন্ত অনলাইন
চট্টগ্রাম নগরীর পাঁচলাইশে দ্য কিং অব চিটাগাং-এ আয়োজিত এনসিপির চট্টগ্রাম বিভাগীয় ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্য দেন এনসিপি আহ্বায়ক নাহিদ ইসলাম
চট্টগ্রাম নগরীর পাঁচলাইশে দ্য কিং অব চিটাগাং-এ আয়োজিত এনসিপির চট্টগ্রাম বিভাগীয় ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্য দেন এনসিপি আহ্বায়ক নাহিদ ইসলাম |সংগৃহীত

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, এনসিপি ও পতিত ফ্যাসিস্ট আওয়ামী লীগ একসাথে থাকতে পারে না। যেই জেলায় আওয়ামী লীগের কার্যক্রম শুরু হবে, সেই জেলায় হয় আওয়ামী লীগ থাকবে, নয়তো এনসিপি থাকবে।

তিনি বলেন, আমরা নানাভাবে দেখতে পাচ্ছি ফ্যাসিস্টদের আস্ফালন চট্টগ্রামে কমে নাই।

সোমবার (২ মার্চ) সন্ধ্যায় চট্টগ্রাম নগরীর পাঁচলাইশে দ্য কিং অব চিটাগাং-এ আয়োজিত এনসিপি’র চট্টগ্রাম বিভাগীয় ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

অনুষ্ঠানে নাহিদ ইসলাম বলেন, ‘কোনো অঞ্চলে যদি এনসিপি’র ১০ জন নেতাকর্মীও থাকে, সেই অঞ্চলে নিষিদ্ধ ফ্যাসিস্ট আওয়ামী লীগের কার্যক্রম কিংবা অফিস খোলার সুযোগ কোনোভাবেই যাতে না পায়, সেটা নিশ্চিত করার দায়িত্ব নিতে হবে। এ দেশের জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে সংঘটিত জুলাই গণঅভ্যুত্থানের মাধ্যমে শহীদরা এই দায়িত্ব আপনাদেরকে দিয়েছে।’

আদালত স্বাধীনভাবে তার সাংবিধানিক দায়িত্ব পালন করবে এ আশাবাদ ব্যক্ত করে এনসিপির আহ্বায়ক বলেন, আমাদের আহ্বান থাকবে গণভোটের রায় দ্রুত বাস্তবায়ন করে সরকার এবং নতুন সংসদের যাত্রা শুরু হবে।

দখলবাজ ও চাঁদাবাজের বিরুদ্ধে কঠোর অবস্থান অব্যাহত রাখার ঘোষণা দিয়ে এনসিপির নেতাকর্মীদের উদ্দেশে তিনি বলেন, ছোট ও মাঝারি ব্যবসায়ীদের পাশে দাঁড়াতে হবে। শ্রমজীবী মানুষের পাশে দাঁড়াতে হবে।

দলের নেতাকর্মীদের স্থানীয় সরকার নির্বাচনের জন্য প্রস্তুতি নেয়ার আহ্বান জানিয়ে নাহিদ ইসলাম বলেন, যেটা জাতীয় নির্বাচনে আমরা পারিনি, স্থানীয় সরকার নির্বাচনের ফলাফলের মাধ্যমে আমরা সেটা করে দেখাতে চাই। স্থানীয় সরকার নির্বাচনে এনসিপি অংশগ্রহণ করবে, আপনারা সেটার জন্য প্রস্তুতি নেন।

অনুষ্ঠানে চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) মেয়র ডা: শাহাদাত হোসেন, চট্টগ্রাম-১৫ আসনের সংসদ সদস্য শাহজাহান চৌধুরী, এনসিপির সদস্য সচিব আখতার হোসেন, মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী, মুখ্য সংগঠক (দক্ষিণাঞ্চল) হাসনাত আবদুল্লাহ, চট্টগ্রাম মহানগর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আবুল হাশেম বক্করসহ ১১ দলীয় জোটের নেতারা উপস্থিত ছিলেন। বাসস