বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের নায়েবে আমির অ্যাডভোকেট ড. হেলাল উদ্দিন বলেছেন, ‘নির্বাচনের আগে গণভোটে হ্যাঁ দেয়ার আহ্বান জানিয়ে সরকার এখন গণভোটের রায় বাস্তবায়নে গড়িমসি করছে।’
সোমবার (৯ মার্চ) সংগঠনটির পল্টন থানার বায়তুল মোকাররম সাংগঠনিক ওয়ার্ডের উদ্যোগে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ড. হেলাল উদ্দিন বলেন, ‘আজকের প্রধানমন্ত্রী প্রকাশ্যে জনসভায় দেশবাসীকে জুলাই সনদের পক্ষে গণভোটে হ্যাঁ ভোট দেয়ার আহ্বান জানিয়েছে। জনগণ গণভোটে হ্যাঁ ভোট দেয়ার পর এখন তিনি সরকার গঠন করে গণভোটের রায় বাস্তবায়নের পরিবর্তে আদালতের দিকে ঠেলে দিচ্ছে। কারণ জুলাই সনদ বাস্তবায়ন হলে তারা ফ্যাসিবাদ কায়েম করতে পারবে না, দুর্নীতি করতে পারবে না, সন্ত্রাসী-চাঁদাবাজি করতে পারবে না। এই ভয়ে জুলাই সনদ বাস্তবায়ন না করে এড়িয়ে যাওয়ার চেষ্টা ষড়যন্ত্র করছে।’
তিনি হুশিয়ারি দিয়ে বলেন, ‘গণভোটের রায় মেনে জুলাই সনদ বাস্তবায়ন না করে কোনরূপ ষড়যন্ত্র করলে ছাত্র-জনতা সকল ষড়যন্ত্র রুখে দেবে।’
এসময় তিনি ব্যবসায়ীদের বলেন, আসন্ন ঈদুল ফিতরের আগে চাঁদাবাজদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ থাকতে হবে।
তিনি আরো বলেন, বিএনপি নির্বাচনের আগে জনগণকে প্রতিশ্রুতি দিয়েছিল, নির্বাচিত সরকার ক্ষমতায় বসলে সন্ত্রাস-চাঁদাবাজ দমন করা হবে। কিন্তু বিএনপি সরকার গঠনের ১ মাস পরও আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে পারছে না। বরং আগের চেয়ে খুন, হত্যা, ধর্ষণ, সন্ত্রাস, চাঁদাবাজ বেড়ে গেছে। ক্ষমতাসীন দলের নেতাকর্মী অত্যাচার জনগণ অতিষ্ঠ। আনশৃঙ্খলা পরিস্থিতি উন্নয়নে জিরো টলারেন্স নীতি অবলম্বন করতে তিনি সরকারের প্রতি আহ্বান জানান।
বায়তুল মোকাররম সাংগঠনিক ওয়ার্ড সভাপতি এনামুল হক শামীমের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন মহানগরীর কর্মপরিষদ সদস্য শাহীন আহমেদ খান, পল্টন থানা আমির অ্যাডভোকেট মারুফুল ইসলাম, পল্টন থানা সেক্রেটারি মঞ্জুরুল ইসলাম, সাবেক কাউন্সিলর খন্দকার আব্দুর রব। এছাড়াও অনুষ্ঠানে বায়তুল মোকাররম মসজিদ মার্কেটের সহস্রাধিক ব্যবসায়ী উপস্থিত ছিলেন। সভা শেষে, ব্যবসায়ীদের সম্মানে বায়তুল মোকাররম সাংগঠনিক ওয়ার্ডের উদ্যোগে এক ইফতার মাহফিলের আয়োজন করা হয়।
পরে, বাংলাদেশ জামায়াতে ইসলামী মতিঝিল দক্ষিণ থানার আরামবাগ ওয়ার্ড আয়োজিত ইফতার মাহফিলে যোগ দিয়ে প্রধান অতিথির বক্তব্যে ড. হেলাল উদ্দিন বলেন, রমজান মাস ব্যক্তি, সমাজ এবং রাষ্ট্রকে পরিশুদ্ধ ও পবিত্র করার মাস। ব্যক্তি-সমাজ এবং রাষ্ট্রকে পরিশুদ্ধ করার মাধ্যমে একটি বসবাসযোগ্য পৃথিবী গড়ে তোলা সম্ভব। যদি কোনো ব্যক্তি তাকওয়া অর্জন (আল্লাহর ভয়) করে তবে তার দ্বারা দুর্নীতি-সন্ত্রাস-চাঁদাবাজি, অন্যের অধিকার নষ্ট করা, অন্যায় এবং অশ্লীলতার থেকে দূরে থাকা সহজ হবে। ব্যক্তির মধ্যে আল্লাহর ভয় যখন থাকে, তখন দুনিয়ার কোনো লোভ-লালসা তাকে অস্থির করে না। তাই তাকওয়া অর্জনের মাধ্যমে ব্যক্তি, সমাজ ও রাষ্ট্রের পরিশুদ্ধি সম্ভব।
তিনি আরো বলেন, আজকে বাংলাদেশে সবচেয়ে বড় চ্যালেঞ্জ হচ্ছে দুর্নীতি বন্ধ করা। দেশের মানুষের অধিকার প্রতিষ্ঠা করা এবং দেশের সার্বিক উন্নয়নের জন্য দুর্নীতিমুক্ত নেতৃত্বের প্রয়োজন। সন্ত্রাস ও রাজনৈতিক স্থিতিশীলতা বর্তমান প্রেক্ষাপটে অন্যতম আরেকটি চ্যালেঞ্জ। দুর্নীতি এবং সন্ত্রাসমুক্ত বাংলাদেশ প্রতিষ্ঠিত করতে হলে খোদাভীরু নেতৃত্ব প্রতিষ্ঠা করতে হবে। এর কোনো বিকল্প নেই।
বাংলাদেশ জামায়াতে ইসলামী মতিঝিল দক্ষিণ থানার আরামবাগ ওয়ার্ড সভাপতি মাওলানা তাজুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন মহানগরীর মজলিসে শূরা সদস্য ও মতিঝিল দক্ষিণ থানা আমির মাওলানা মুতাছিম বিল্লাহ।
এছাড়াও অনুষ্ঠানে মতিঝিল দক্ষিণ থানা ও আরামবাগ ওয়ার্ডের বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীল নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।



