বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা, সাবেক বিরোধীদলীয় চিফ হুইপ ও সংসদ সদস্য জয়নুল আবদীন ফারুকের সহধর্মিণী কানিজ ফাতেমার জানাজা ও দাফন সম্পন্ন হয়েছে। মরহুমার বয়স হয়েছিল ৭৩ বছর।
আজ বৃহস্পতিবার বেলা ১১টায় নোয়াখালীর সেনবাগের ইয়ারপুর গ্রামের শিবপুর উচ্চ বিদ্যালয় মাঠে তার জানাজার নামাজ অনুষ্ঠিত হয়। জানাজা শেষে তার লাশ পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।
জানাজায় নোয়াখালী-৫ আসনের সংসদ সদস্য ফখরুল ইসলাম, নোয়াখালী জেলা প্রশাসক মুহাম্মদ শফিকুল ইসলাম, নোয়াখালী পুলিশ সুপার টি এম মোশাররফ হোসেন, নোয়াখালী জেলা বিএনপির আহ্বায়ক মাহবুব আলমগীর আলো, সদস্য সচিব হারুন অর রশিদসহ বিএনপি’র নেতৃবৃন্দ, আত্মীয়-স্বজন ও শুভানুধ্যায়ীরা উপস্থিত ছিলেন।
উপস্থিত সবাই গভীর শোক প্রকাশ করে তার রূহের মাগফেরাত কামনা করেন।
গতকাল বুধবার সকাল ১০টা ৪০ মিনিটে রাজধানীর এভারকেয়ার হাসপাতালের আইসিইউ’তে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। গতকাল বাদ জোহর ঢাকার নিকুঞ্জে বাসার সামনে প্রথম জানাজা অনুষ্ঠিত হয়েছে।
সূত্র : বাসস



