প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসকে উন্নত চিকিৎসার জন্য রোববার (১৫ মার্চ) সিঙ্গাপুর নিয়ে যাওয়া হবে।
মির্জা আব্বাসের ব্যক্তিগত সচিব মিজানুর রহমান সোহেল জানান, আগামীকাল রোববার (১৫ মার্চ) বেলা ১১টায় এয়ার অ্যাম্বুলেন্সযোগে তাকে সিঙ্গাপুর নেয়া হবে। মির্জা আব্বাসের স্ত্রী ও জাতীয়তাবাদী মহিলা সভানেত্রী আফরোজা আব্বাস এবং বড় ছেলে মির্জা ইয়াসির আব্বাস তার সাথে যাবেন।
রাজধানী এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন শুক্রবার মস্তিষ্কের অস্ত্রোপচারের পর বিএনপির স্থায়ী কমিটির এই সদস্যকে নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে।
শনিবার (১৪ মার্চ) সকালে মির্জা আব্বাসের মস্তিষ্কের সিটি স্ক্যান করা হয়, যার প্রতিবেদন ভালো এসেছে বলে জানিয়েছেন বিএনপির স্বাস্থ্যবিষয়ক সম্পাদক রফিকুল ইসলাম।
উল্লেখ্য, বৃহস্পতিবার ইফতারে পানি পানের সময় হঠাৎ করে জ্ঞান হারিয়ে ফেলেন মির্জা আব্বাস। পরিস্থিতির অবনতি ঘটলে রাতে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয় তাকে। পরে তার মস্তিষ্কের সিটি স্ক্যান করা হয়েছিল। সেই পরীক্ষার প্রতিবেদনে অবস্থার অবনতি বোঝা যাওয়ায় দ্রুত একটি ভার্চুয়াল মেডিক্যাল বোর্ড বসে এবং সব কিছু দেখে অস্ত্রোপচারের সিদ্ধান্ত হয়।
শুক্রবার দুই দফায় মেডিক্যাল বোর্ডের সিদ্ধান্ত অনুযায়ী অস্ত্রোপচার করা হয়। অস্ত্রোপচারের পর তিনি মেডিক্যাল বোর্ডের চিকিৎসকদের ৭২ ঘণ্টা নিবিড় পর্যবেক্ষণ রয়েছেন।
প্রধানমন্ত্রী তারেক রহমান নিয়মিত বিএনপির এই জ্যেষ্ঠ নেতার শারীরিক অবস্থার খোঁজ নিচ্ছেন। শুক্রবার দুপুরে এভারকেয়ার হাসপাতালে যান প্রধানমন্ত্রী তারেক রহমান। এছাড়া স্থানীয় সরকার মন্ত্রী ও বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, বিরোধী দলের নেতা ও জামায়াত আমির ডা: শফিকুর রহমানসহ অনেক জাতীয় নেতা মির্জা আব্বাসের শারীরিক অবস্থার খোঁজ নিতে এভারকেয়ার হাসপাতালে যান।



