মির্জা ফখরুল

যুগপৎ আন্দোলনের সাথীদের নিয়েই সরকার গঠন করবে বিএনপি

একটা কথা মনে রাখতে হবে, বিএনপি কখনোই ক্যাডারবেইজ পলিটিক্যাল পার্টি নয়; এটি পাওয়ারবেইজ পলিটিক্যাল পার্টি। সেই চরিত্র নিয়েই বিএনপি জনগণের জন্য কাজ করেছে; সরকারেও থেকেছে। বিএনপির ম্যানুফেস্টো, ভিশন, রাষ্ট্র সংষ্কারের প্রতিশ্রুতি, দাবি ও পয়েন্টগুলো জনগণ গ্রহণ করেছে বলেই আজকের এই ভূমিধস বিজয় হয়েছে।

নয়া দিগন্ত অনলাইন
নির্বাচনত্তোর মতবিনিময়ে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর
নির্বাচনত্তোর মতবিনিময়ে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর |বাসস

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আমরা সবসময় আমাদের প্রতিশ্রুতির ব্যাপারে অটল থাকি। যাদের সাথে বিগত দিনে রাস্তায় যুগপৎ আন্দোলন করেছি, তাদের সাথে নিয়েই আমরা নির্বাচন করেছি। এখন তাদের নিয়েই সরকার গঠন করব।

আজ শুক্রবার সকালে ঠাকুরগাঁও কালিবাড়িতে নিজ বাসভবনে সাংবাদিকদের সাথে নির্বাচনত্তোর মতবিনিময়ে তিনি এসব কথা বলেন।

নির্বাচনে বিএনপির অভূতপূর্ব বিজয় প্রসঙ্গে মির্জা ফখরুল বলেন, বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় রাজনৈতিক দল বিএনপি। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান যখন থেকে প্রতিষ্ঠা করেন, তখন থেকে দলটি কখনোই জনপ্রিয়তা হারায়নি। কারণ বিএনপি সবসময় জনগণের সাথে থেকেছে, জনগণের রাজনীতি করেছে। এটাই আমাদের সবচেয়ে বড় রাজনৈতিক শক্তি।

তিনি বলেন, একটা কথা মনে রাখতে হবে, বিএনপি কখনোই ক্যাডারবেইজ পলিটিক্যাল পার্টি নয়; এটি পাওয়ারবেইজ পলিটিক্যাল পার্টি। সেই চরিত্র নিয়েই বিএনপি জনগণের জন্য কাজ করেছে; সরকারেও থেকেছে। বিএনপির ম্যানুফেস্টো, ভিশন, রাষ্ট্র সংষ্কারের প্রতিশ্রুতি, দাবি ও পয়েন্টগুলো জনগণ গ্রহণ করেছে বলেই আজকের এই ভূমিধস বিজয় হয়েছে।

বিএনপি মহাসচিব বলেন, বিএনপি টু-থার্ড মেজোরিটি পেয়েছে। আমি অত্যন্ত আত্মবিশ্বাসী যে বাংলাদেশের জনগণ আবারো এদেশে সৎ কল্যাণমুখী রাজনীতি দিয়ে সমস্ত অপপ্রবণতাকে রুখে দিতে সক্ষম হবে।

এসময় জেলা বিএনপির সাধারণ সম্পাদক পয়গাম আলীসহ বিভিন্ন পর্যায়ের নেতা এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

সূত্র : বাসস