নির্বাচিত সংসদ সদস্য ও মন্ত্রিসভার সদস্যদের শপথগ্রহণ অনুষ্ঠানে হেফাজতে ইসলামের আমির আল্লামা মুহিব্বুল্লাহ বাবুনগরীকে অতিথি হিসেবে আমন্ত্রণ জানিয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারম্যান তারেক রহমান।
সোমবার (১৬ ফেব্রুয়ারি) বিএনপি মিডিয়া সেলের পক্ষ থেকে এ তথ্য জানানো হয়। এছাড়াও সন্ধ্যায় বিএনপির অফিশিয়াল ফেসবুক পেজে এ বিষয়ে একটি পোস্ট দেয়া হয়।
ফেসবুক পোস্টে জানানো হয়, আজ সোমবার দুপুরে টেলিফোনে আল্লামা মুহিব্বুল্লাহ বাবুনগরীর সাথে কথা বলেন তারেক রহমান এবং মঙ্গলবার অনুষ্ঠিতব্য নতুন সরকারের শপথগ্রহণ অনুষ্ঠানে উপস্থিত থাকার জন্য আনুষ্ঠানিকভাবে তাকে আমন্ত্রণ জানান।
জানা গেছে, শপথগ্রহণ অনুষ্ঠানকে সর্বস্তরের অংশগ্রহণমূলক ও তাৎপর্যপূর্ণ করতে বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও ধর্মীয় ব্যক্তিকে আমন্ত্রণ জানানো হচ্ছে। তারই অংশ হিসেবে হেফাজতে ইসলামের আমিরকে আমন্ত্রণ জানানো হয়েছে।
মঙ্গলবার নতুন সরকার শপথগ্রহণ করবে। অনুষ্ঠানে বিভিন্ন রাজনৈতিক দল ও বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত থাকবেন। বাসস



