বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের সহকারী সেক্রেটারি ড. আব্দুল মান্নান পুরান ঢাকার গেন্ডারিয়া সামাজিক অনুষ্ঠান কেন্দ্রে স্থানীয় সহস্রাধিক পরিবারের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করেছেন।
বুধবার (১৮ ফেব্রুয়ারি) বিকেলে তিনি এই কর্মসূচি পালন করেন। এর আগে, মহানগরী দক্ষিণের অফিস সেক্রেটারি কামরুল আহসান হাসানের সভাপতিত্বে একটি আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভায় উপস্থিত ছিলেন জুলাই অভ্যুত্থানের শহীদ জুনায়েদের বাবা জনাব শেখ জামাল হাসান, ঢাকা মহানগরীর মজলিসে শূরা সদস্য যথাক্রমে মাস্টার রুহুল আমিন, মীর বাহার আমিন, নেছার উদ্দিনসহ বিভিন্ন থানা আমির-সেক্রেটারি ও স্থানীয় গণমান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ।
সভায় ড. আব্দুল মান্নান বলেন, আমি কথা দিয়েছিলাম, নির্বাচিত হলেও মানুষের পাশে থাকবো না হলেও মানুষের পাশে থাকবো। জনগণ আমাকে সর্বোচ্চ ভোট দিয়ে জনগণের খাদেম হিসেবে মনোনীত করলেও জনগণের ভোট কারচুপি করে সূক্ষ্ম ইঞ্জিনিয়ারিংয়ের মাধ্যমে আমাকে পরাজিত দেখানো হয়েছে।
তিনি বলেন, ভোট চুরি করে কিংবা প্রশাসনের চক্রান্তে ইঞ্জিনিয়ারিং ইলেকশনে যারা বিজয়ী হয় তারা কখনো জনগণের প্রতিনিধি হতে পারে না, হয় না। তারা ক্ষমতার জন্য ভোট চুরি করে, ফলাফল কারচুপি করে। তারা জনগণকে ভয় পায় বলেই প্রশাসনের ঘাড়ে চড়ে ক্ষমতার মসনদে বসে। জামায়াতে ইসলামী ক্ষমতার জন্য রাজনীতি করে না, জামায়াতে ইসলামী জনগণের ক্ষমতায়নের জন্য রাজনীতি করে। জনগণের অধিকার প্রতিষ্ঠা না হওয়া পর্যন্ত জামায়াতে ইসলামীর সংগ্রাম অব্যাহত থাকবে।
তিনি আরো বলেন, জামায়াতে ইসলামী কেবলমাত্র একটি রাজনৈতিক দল নয়; রবং জামায়াতে ইসলামী গণমানুষের কল্যাণে একটি মানবিক সংগঠন। জামায়াতে ইসলামী ৪ দফা ভিত্তিতে দলীয় কার্যক্রম পরিচালনা করে। তার মধ্যে অন্যতম একটি হচ্ছে সমাজ সংস্কার ও সমাজসেবা। সমাজ সেবার অংশ হিসেবে জামায়াতে ইসলামী ব্যাপক ভিত্তিক সামাজিক কার্যক্রম পরিচালনা করে আসছে। দলমত, ধর্মবর্ণ, জাতি-গোষ্ঠী নির্বিশেষে জামায়াতে ইসলামী সামাজিক কার্যক্রম পরিচালনা করে। কারণ, জামায়াতে ইসলামী বিশ্বাস করে মানুষ হিসেবে সমাজে আমরা সকলেই সমান। তাই মানুষের সমান অধিকার, মর্যাদা ও স্বাধীনতা প্রতিষ্ঠায় জামায়াতে ইসলামী অব্যাহতভাবে কার্যক্রম পরিচালনা করবে।



