প্রধানমন্ত্রী তারেক রহমানের রাজনৈতিক উপদেষ্টা ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেছেন, দেশে কোনো ধরনের অরাজকতা বা বিশৃঙ্খলা সৃষ্টি না করে সরকারকে কাজ করার সুযোগ দিতে হবে।
তিনি বলেন, যারা সরকার পতনের জন্য বিভিন্নভাবে উস্কানি দিচ্ছেন, তাদের এখন ধৈর্য ধরতে হবে এবং দেশের স্থিতিশীলতার কথা ভাবতে হবে।
রোববার সন্ধ্যায় রাজধানীর কাকরাইল ইন্সটিটিউট অব ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ আয়োজিত এক ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
এতে সংগঠনের অন্তবর্তীকালীন আহ্বায়ক প্রকৌশলী মো: কবীর হোসেনের সভাপতিত্বে সদস্য সচিব কাজী সাখাওয়াত হোসেনের সঞ্চালনায় সংগঠনের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।
মির্জা আব্বাস বলেন, এক শ্রেণির ছেলেপেলের মুখ দিয়ে কথা বের হচ্ছে- বাসার ইট খুলে নিয়ে আসবে। এগুলো তো রাজমিস্ত্রি বা শ্রমিকের কাজ। ইট খোলার জন্য আমাদের কোনো শ্রমিকের প্রয়োজন নেই, আমাদের নিজেদেরই শ্রমিক রয়েছে। আপনারা ইট খুলতে যাবেন না, এতে হাত-পা ভেঙে যেতে পারে।
তিনি আরো বলেন, দেশের মধ্যে কোনো সমস্যা বা অরাজকতা তৈরি করা উচিত নয়। তার মতে, দীর্ঘ সময় পর দেশে গণতান্ত্রিকভাবে একটি সরকার এসেছে এবং সেই সরকারকে কাজ করার সুযোগ দেয়া প্রয়োজন।
বিএনপির এই নেতা বলেন, ১৮ বছর পর একটি গণতান্ত্রিক সরকার এসেছে। দয়া করে সরকারকে কাজ করতে দেন। এরপর আগামী নির্বাচনে জনগণ সিদ্ধান্ত নেবে—এই সরকারকে রাখা যায় কিনা। এখন নয়, নির্বাচনের সময়ই সে সিদ্ধান্ত নেয়া উচিত।
সরকারের সমালোচনার প্রসঙ্গে তিনি বলেন, বিগত সরকারের ব্যর্থতা বা দোষ বর্তমান সরকারের ওপর চাপিয়ে দেয়ার চেষ্টা করা ঠিক নয়।
একইসাথে গত ১৮ মাসের সরকার এবং গত ১৮ বছরের শাসনের দায় বিএনপির ওপর চাপিয়ে দেয়ার চেষ্টারও সমালোচনা করেন তিনি।
মির্জা আব্বাস বলেন, বাংলাদেশকে নতুনভাবে জাগিয়ে তোলার চেষ্টা করছে বিএনপি। তিনি উল্লেখ করেন, দেশের উন্নয়ন ও পুনর্গঠনে একসময় যেমন ভূমিকা রেখেছিলেন সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া তেমনি ভবিষ্যতে বিএনপির চেয়ারম্যান তারেক রহমান দেশকে আরো সুন্দরভাবে গড়ে তুলবেন।
তিনি দেশবাসীর উদ্দেশে আহ্বান জানিয়ে বলেন, যারা এই সরকারকে পতনের জন্য চেষ্টা করছেন, তাদের বলবো- সবার আগে দেশ। দেশটাকে আগে স্থিতিশীল হতে দিন।



