পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে দেশবাসীসহ বিশ্বের মুসলিমদের আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ জানিয়েছেন মো: নাহিদ ইসলাম।
শুক্রবার গণমাধ্যমে পাঠানো এক বার্তায় তিনি এ শুভেচ্ছা জানান।
বার্তায় তিনি বলেন, এক মাস সিয়াম সাধনার পর ঈদুল ফিতর মুসলিম উম্মাহর জন্য আনন্দ ও সম্প্রীতির বার্তা নিয়ে আসে। এ উৎসব সমাজের সব ভেদাভেদ ভুলিয়ে দিয়ে শান্তি, সহমর্মিতা ও ভ্রাতৃত্ববোধ জাগ্রত করে।
তিনি আরো বলেন, ঈদ হিংসা-বিদ্বেষ দূর করে মানুষের হৃদয়ে প্রশান্তি এনে দেয় এবং সমাজে পারস্পরিক সম্পর্ক আরো দৃঢ় করে।
নাহিদ ইসলাম উল্লেখ করেন, এবারের ঈদ দেশের মুসলমানদের জন্য বিশেষ তাৎপর্যপূর্ণ।
তিনি এটিকে ‘ফ্যাসিবাদ-উত্তর দ্বিতীয় ঈদ’ হিসেবে আখ্যায়িত করে বলেন, দীর্ঘ সময় রাজনৈতিক কারণে অনেক নেতাকর্মী ঈদের প্রকৃত আনন্দ থেকে বঞ্চিত ছিলেন।
তিনি বলেন, “শত শত শহীদের আত্মত্যাগের বিনিময়ে আমরা আজ মুক্ত পরিবেশে ঈদ উদযাপন করছি। তাদের পরিবারের পাশে দাঁড়ানো এবং আহতদের খোঁজখবর নেওয়া আমাদের নৈতিক দায়িত্ব।”
প্রবাসী বাংলাদেশীদের অবদানের কথা স্মরণ করে তিনি বলেন, যারা পরিবার-পরিজন থেকে দূরে থেকে দেশের অর্থনীতিকে সচল রাখছেন, তাদের প্রতি গভীর শ্রদ্ধা ও কৃতজ্ঞতা জানানো উচিত।
এছাড়া ঈদের দিনে সমাজের দরিদ্র, অসহায় ও বঞ্চিত মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানান তিনি।



