তারেক রহমানকে নেপালের প্রধানমন্ত্রীর অভিনন্দন

‘নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে (বিএনপি) অসাধারণ বিজয়ে নেতৃত্ব দেয়ার জন্য আমি তারেক রহমানকে আন্তরিক অভিনন্দন জানাই।’

নয়া দিগন্ত অনলাইন
বিএনপি চেয়ারম্যান তারেক রহমান ও নেপালের অন্তর্বর্তী সরকারের প্রধানমন্ত্রী সুশীলা কারকি
বিএনপি চেয়ারম্যান তারেক রহমান ও নেপালের অন্তর্বর্তী সরকারের প্রধানমন্ত্রী সুশীলা কারকি |সংগৃহীত

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের সফল আয়োজনের জন্য বাংলাদেশ সরকার এবং জনগণকে অভিনন্দন জা‌নি‌য়েছেন নেপালের অন্তর্বর্তী সরকারের প্রধানমন্ত্রী সুশীলা কারকি।

শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) সামা‌জিক যোগা‌যোগমাধ‌্যম ফেসবু‌কে দেয়া এক পো‌স্টে নেপালের প্রধানমন্ত্রী এ অভিনন্দন জানান।

সুশীলা কারকি লেখেন, ‘নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে (বিএনপি) অসাধারণ বিজয়ে নেতৃত্ব দেয়ার জন্য আমি তারেক রহমানকে আন্তরিক অভিনন্দন জানাই।’

ভবিষতে দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদার করার আশাবাদ ব্যক্ত করে তি‌নি লি‌খে‌ছেন, ‘আমাদের প্রতিবেশীর সম্পর্ক জোরদার করতে এবং পারস্পরিক স্বার্থের ক্ষেত্রে সহযোগিতা সুসংহত করতে আপনার সাথে ঘনিষ্ঠভাবে কাজ করার জন্য আমি উন্মুখ হয়ে আছি।’

বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) বাংলাদেশে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচন কমিশন ঘোষিত সবশেষ প্রাপ্ত বেসরকারি ফলাফল অনুযায়ী, বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ২০৯ আসনে জয়লাভ করে। অন্যদিকে বাংলাদেশ জামায়াতে ইসলামী দ্বিতীয় সর্বোচ্চ ৬৮টি আসনে জয়লাভ করে।

নির্বাচনে দুই-তৃতীয়াংশ আসন পেয়ে সরকার গঠনের প্রস্তুতি নিচ্ছে বিএনপি। এরইমধ্যে ভারতের প্রধানমন্ত্রীসহ এশিয়ার কয়েকটি দেশের সরকারপ্রধান বিএনপি চেয়ারম্যানকে অভিনন্দন জানিয়েছেন।