বাংলাদেশ খেলাফত মজলিসের আমির আল্লামা মামুনুল হকের নেতৃত্বে একটি প্রতিনিধিদল আজ মঙ্গলবার ঢাকাস্থ পাকিস্তান হাইকমিশনার ইমরান হায়দারের সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন।
ঢাকাস্থ পাকিস্তান হাইকমিশনে এ সাক্ষাৎকালে বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে শিক্ষা, বাণিজ্য এবং ইসলামী মূল্যবোধভিত্তিক সম্পর্ক আরো জোরদারের বিষয়ে বিস্তারিত আলোচনা হয়। বিশেষ করে দুই দেশের শিক্ষা প্রতিষ্ঠানগুলোর মধ্যে পারস্পরিক যোগাযোগ বৃদ্ধি, বাংলাদেশী শিক্ষার্থীদের পাকিস্তানে উচ্চশিক্ষার সুযোগ সম্প্রসারণ এবং হালাল শিল্প ও ব্যবসা-বাণিজ্যে দ্বিপাক্ষিক সহযোগিতা বৃদ্ধির বিষয় গুরুত্ব পায়।
আল্লামা মামুনুল হক বলেন, বাংলাদেশ ও পাকিস্তানের মুসলিম জনগোষ্ঠীর মধ্যে ধর্মীয় ও সাংস্কৃতিক বন্ধন দীর্ঘদিনের। এ বন্ধনকে শিক্ষা, বাণিজ্য ও মানবসম্পদ উন্নয়নে কার্যকর সহযোগিতার কাঠামোয় রূপ দেয়ার সময় এসেছে।
বৈঠকে উভয় পক্ষ ভবিষ্যতে এ সহযোগিতাকে আরো প্রাতিষ্ঠানিক রূপ দেয়ার বিষয়ে ঐকমত্য পোষণ করেন এবং নিয়মিত যোগাযোগ অব্যাহত রাখার সিদ্ধান্ত নেন।
বাংলাদেশ খেলাফত মজলিসের পক্ষে বৈঠকে যুগ্ম-মহাসচিব মাওলানা আতাউল্লাহ আমিন এবং পররাষ্ট্র ও আন্তর্জাতিক বিষয়ক সচিব ফারিদ খান উপস্থিত ছিলেন। পাকিস্তান হাইকমিশনের পক্ষে ডেপুটি হাইকমিশনার মুহাম্মদ ওয়াসিফ উপস্থিত ছিলেন।
সূত্র : বাসস



