গণভোটের রায়ের আলোকে সংবিধান সংস্কার করতে হবে : খেলাফত মজলিস

বৈঠকে জাতীয় নির্বাচন পর্যালোচনা কমিটি গঠন করা হয়েছে।

নিজস্ব প্রতিবেদক

খেলাফত মজলিসের কেন্দ্রীয় নির্বাহী বৈঠকে দলটির নেতৃবৃন্দ গভীর উদ্বেগের সাথে বলেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ী দল বিএনপি ও জোট শরীক সংসদ সদস্যগণ সংবিধান সংস্কার পরিষদ সদস্য হিসেবে শপথ গ্রহণ না করে জনআকাঙ্ক্ষার বিরুদ্ধে অবস্থান গ্রহণ করেছেন। এতে জুলাই গণঅভ্যুত্থান চেতনাকে অবমূল্যায়ন করা হয়েছে। জনগণ গণভোটে ‘হ্যাঁ’-কে জয়যুক্ত করেছে বিধায় কোনোরূপ টালবাহানা না করে জুলাই সনদ বাস্তবায়ন ও সংবিধান সংস্কার কার্যক্রম ত্বরান্বিত করতে হবে। গণভোটের রায়ের আলোকে সংবিধান সংস্কার করতে হবে। বিএনপিকে ভুলে গেলে চলবে না, জুলাই গণঅভ্যুত্থানে হাজারো শহীদ ও পঙ্গুত্ববরণকারীদের ত্যাগের বিনিময়ে তারা আজকে সরকার গঠন করতে সক্ষম হয়েছে।

মঙ্গলবার সন্ধ্যা ৭টায় পল্টনস্থ খেলাফত মজলিসের কেন্দ্রীয় কার্যালয়ে আমির মাওলানা আব্দুল বাছিত আজাদের সভাপতিত্বে ও মহাসচিব ড. আহমদ আবদুল কাদেরের পরিচালনায় অনুষ্ঠিত বৈঠকে নেতৃবৃন্দ এসব কথা বলেন।

তারা আরো বলেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোট গণনা ও ফলাফল ঘোষণায় ব্যাপক অনিয়মের আশ্রয় নেয়া হয়েছে। যার কারণে খেলাফত মজলিস নারায়ণগঞ্জ-৫, খুলনা-৪ সংসদীয় আসনসহ অনিয়ম হওয়া সকল আসনে ভোট পুনগণনার দাবি জানিয়েছে। প্রমাণসহ উচ্চ আদালতে রিট করার উদ্যোগ নিয়েছে। আশা করছি আদালত ন্যায়বিচার নিশ্চিত করবেন।

নেতৃবৃন্দ আরো বলেন, মাহে রমজানকে সামনে রেখে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ ও আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন ঘটাতে হবে। অশ্লীলতা ও বেহায়াপনা বন্ধ করতে হবে। রমজানের পবিত্রতা বিনষ্ট হয় এমন অপতৎপরতা থেকে সবাইকে বিরত থাকতে হবে।

বৈঠকে জাতীয় নির্বাচন পর্যালোচনা কমিটি গঠন করা হয়েছে।

সাপ্তাহিক কেন্দ্রীয় নির্বাহী বৈঠকে উপস্থিত ছিলেন দলটিরন নায়েবে আমির মাওলানা সাখাওয়াত হোসাইন, মাওলানা আহমদ আলী কাসেমী, অধ্যাপক আবদুল্লাহ ফরিদ, অধ্যাপক সিরাজুল হক, যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট জাহাঙ্গীর হোসাইন, এবিএম সিরাজুল মামুন, অধ্যাপক আবদুল জলিল, ডা: এ এ তাওসিফ, সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট মিজানুর রহমান, অধ্যাপক কাজী মিনহাজুল আলম, অধ্যাপক আহমদ আসলাম, সমাজকল্যাণ সম্পাদক আমিনুর রহমান ফিরোজ, সাংস্কৃতিক সম্পাদক মাওলানা রুহুল আমিন সাদী, প্রচার সম্পাদক প্রকৌশলী আবদুল হাফিজ খসরু, শ্রম বিষয়ক সম্পাদক প্রভাষক আবদুল করিম, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা: রিফাত হোসাইন মালিক, আইন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট শায়খুল ইসলাম, ডা: আবদুর রাজ্জাক আসাদ, খন্দকার শাহাবুদ্দিন আহমদ, মুফতি আবদুল হক আমিনী, জিল্লুর রহমান, অধ্যাপক মাওলানা আজিজুল হক, মাওলানা সাইফুদ্দিন আহমদ খন্দকার, মাওলানা নুরুল হক, আবুল হোসেন, প্রিন্সিপাল মাওলানা আজিজুল হক, আমির আলী হাওলাদার প্রমুখ।