এমপি হান্নান মাসউদের ওপর হামলায় জামায়াতের নিন্দা-প্রতিবাদ

‘রাজনৈতিক সহিংসতার পুনরাবৃত্তি রোধে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে আরো সক্রিয় ও দায়িত্বশীল হতে হবে। অন্যথায় দেশব্যাপী আইনহীনতার সংস্কৃতি বিস্তার লাভ করতে পারে, যা জাতির জন্য অত্যন্ত অশনিসঙ্কেত।’

নয়া দিগন্ত অনলাইন
বাংলাদেশ জামায়াতে ইসলামী
বাংলাদেশ জামায়াতে ইসলামী |নয়া দিগন্ত গ্রাফিক্স

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সিনিয়র যুগ্ম মুখ্য সমন্বয়ক ও জাতীয় সংসদ সদস্য হান্নান মাসউদের ওপর হামলার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। একইসাথে এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে সংগঠন।

বুধবার (২৫ ফেব্রুয়ারি) সংবাদমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের বলেন, ‘নোয়াখালীর হাতিয়া উপজেলায় নির্বাচন-পরবর্তী সহিংসতায় ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনে গেলে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সিনিয়র যুগ্ম মুখ্য সমন্বয়ক ও নোয়াখালী-৬ আসনের সংসদ সদস্য হান্নান মাসউদের গাড়িবহরের ওপর বিএনপি ও আওয়ামী লীগের সন্ত্রাসীরা পরিকল্পিতভাবে হামলা করে। এ হামলায় হান্নান মাসউদসহ ১৫-২০ জন নেতাকর্মী আহত হন।’

তিনি বলেন, ‘সশস্ত্র সন্ত্রাসীদের ন্যক্কারজনক এ হামলা গণতান্ত্রিক চর্চা ও রাজনৈতিক সহনশীলতার পরিপন্থী। একজন নির্বাচিত জনপ্রতিনিধির ওপর প্রকাশ্যে হামলা দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতিরই বহিঃপ্রকাশ। যেখানে একজন সংসদ সদস্যের কোনো নিরাপত্তা নেই, সেখানে সাধারণ মানুষের নিরাপত্তা কোথায়?’

তিনি আরো বলেন, ‘রাজনৈতিক সহিংসতার পুনরাবৃত্তি রোধে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে আরো সক্রিয় ও দায়িত্বশীল হতে হবে। অন্যথায় দেশব্যাপী আইনহীনতার সংস্কৃতি বিস্তার লাভ করতে পারে, যা জাতির জন্য অত্যন্ত অশনিসঙ্কেত।’

অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের বলেন, ‘অবিলম্বে হান্নান মাসউদের ওপর হামলাকারী বিএনপি ও আওয়ামী লীগের সন্ত্রাসীদের শনাক্ত করে গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছি। একইসাথে আহতদের দ্রুত সুস্থতা কামনা করছি এবং জনগণের জানমালের নিরাপত্তা বিধানে প্রশাসনকে নিরপেক্ষ ও কার্যকর ভূমিকা পালনের আহ্বান জানাচ্ছি।’ বিজ্ঞপ্তি