নয়াপল্টন কার্যালয়ে অফিস করলেন তারেক রহমান

‘বিএনপি চেয়ারম্যান তারেক রহমান সন্ধ্যায় নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয়ে নিজের চেম্বারে অফিস করেছেন। বিভিন্ন সাংগঠন কর্মকাণ্ড নিয়ে দল ও অঙ্গসংগঠনের নেতারা সাথে কথা বলেছেন।’

অনলাইন প্রতিবেদক
মন্ত্রী, সংসদ সদস্য ও দলীয় নেতাদের সাথে মতবিনিময় করেন প্রধানমন্ত্রী
মন্ত্রী, সংসদ সদস্য ও দলীয় নেতাদের সাথে মতবিনিময় করেন প্রধানমন্ত্রী |নয়া দিগন্ত

সরকার পরিচালনার পাশাপাশি দলীয় কার্যক্রম আরো গতিশীল করতে রাজধানীর নয়াপল্টনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে অফিস করেছেন দলের চেয়ারম্যান তারেক রহমান।

প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্বগ্রহণের পর শনিবার (২৮ মার্চ) সন্ধ্যায় তিনি নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে আসেন। সেখানে নিজের চেম্বারে বসে দল ও অঙ্গসংগঠনের নেতাদের সাথে সাংগঠনিক বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন এবং প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন বলে জানা গেছে।

প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান জানান, বিএনপি চেয়ারম্যান তারেক রহমান সন্ধ্যায় নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয়ে নিজের চেম্বারে অফিস করেছেন। বিভিন্ন সাংগঠন কর্মকাণ্ড নিয়ে দল ও অঙ্গসংগঠনের নেতারা সাথে কথা বলেছেন।

এ সময় উপস্থিত ছিলেন বিএনপি মহাসচিব ও স্থানীয় সরকারমন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য ও স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ এবং ভাইস চেয়ারম্যান ও সংসদের চিফ হুইপ নুরুল ইসলাম মনিসহ একাধিক সংসদ সদস্য।

এর আগে, তারেক রহমানের আগমন ঘিরে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে নেয়া হয় ব্যাপক প্রস্তুতি।

শনিবার (২৮ মার্চ) সকাল থেকেই কার্যালয় ও আশপাশের এলাকায় জোরদার করা হয় নিরাপত্তা ব্যবস্থা। প্রধানমন্ত্রীর নিরাপত্তা নিশ্চিত করতে অতিরিক্ত সিসিটিভি ক্যামেরা স্থাপন করা হয়। কেন্দ্রীয় কার্যালয়ের প্রধান ফটকের চারপাশে বসানো হয় ব্যারিকেড। পাশাপাশি আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা সকাল থেকেই সতর্ক অবস্থানে ছিলেন।

এদিকে, বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা সকাল থেকেই কার্যালয়ের সামনে জড়ো হতে শুরু করেন। তারা দলীয় প্রধানকে স্বাগত জানাতে অধীর আগ্রহে অপেক্ষা করেন এবং তার সাথে সাক্ষাতের আশায় অবস্থান করেন। খণ্ড খণ্ড মিছিলে নয়াপল্টন মুখরিত করে তোলেন নেতাকর্মীরা।

এরও আগে, শুক্রবার (২৭ মার্চ) বিএনপির মিডিয়া সেলের পক্ষ থেকে জানানো হয়, দলের চেয়ারম্যানের আগমন উপলক্ষে প্রয়োজনীয় সব প্রস্তুতি সম্পন্ন করেছেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও দলের জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

উল্লেখ্য, দীর্ঘ প্রায় দুই দশক পর গত ২৯ ডিসেম্বর দেশে ফিরে প্রথমবারের মতো বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে যান তারেক রহমান। সেদিনও তাকে স্বাগত জানাতে নেতাকর্মীদের ব্যাপক ভিড় লক্ষ্য করা যায়।