মদিনা ইসলামি ইউনিভার্সিটিতে চলমান সপ্তাহব্যাপী আন্তর্জাতিক কালচারাল ফেস্টিভ্যাল পরিদর্শন করেছেন মাওলানা মামুনুল হক।
সোমবার (৩০ মার্চ) তিনি সেখানে যান ও বাংলাদেশ স্টল পরিদর্শন করেন। ‘মাহরাজান আস-সাকাফাত ওয়াশ-শুয়ূব––সংস্কৃতি ও জনপদ উৎসব’ শীর্ষক এ বর্ণাঢ্য আয়োজনে বিশ্বের ৯০টিরও বেশি দেশের শিক্ষার্থীরা নিজ নিজ দেশের সংস্কৃতি উপস্থাপন করেন।
ওই ফেস্টিভ্যালে বাংলাদেশের শিক্ষার্থীরাও সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন এবং দেশের সমৃদ্ধ সাংস্কৃতিক ঐতিহ্য অত্যন্ত সুন্দর ও সৃজনশীলভাবে উপস্থাপন করেন, যা উপস্থিত দর্শনার্থীদের ব্যাপকভাবে মুগ্ধ করে।
ফেস্টিভ্যালের বাংলাদেশ স্টল পরিদর্শনকালে মাওলানা মামুনুল হক বলেন, ‘এটি একটি অত্যন্ত চমৎকার ও প্রশংসনীয় কালচারাল আয়োজন। পৃথিবীর বিভিন্ন দেশ ও জাতির মধ্যে পারস্পরিক সাংস্কৃতিক আদান-প্রদানের জন্য এটি একটি সুন্দর উদ্যোগ। বাংলাদেশের পক্ষ থেকে যারা অংশগ্রহণ করেছেন, তাদেরকে আন্তরিক ধন্যবাদ ও শুকরিয়া জানাই। তারা অত্যন্ত দক্ষতার সাথে বাংলাদেশের প্রায় সকল গুরুত্বপূর্ণ সাংস্কৃতিক নিদর্শন বিশ্বদরবারে উপস্থাপন করেছেন।’

বাংলাদেশ খেলাফত মজলিস মনে করে, এ ধরনের আন্তর্জাতিক আয়োজন বিশ্ব মুসলিম উম্মাহ ও বিভিন্ন জাতির মধ্যে ভ্রাতৃত্ব, পারস্পরিক শ্রদ্ধাবোধ ও সাংস্কৃতিক সম্প্রীতি জোরদারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।



