মুক্তিযুদ্ধ আর চব্বিশ পরস্পরবিরোধী কিছু না বলে মন্তব্য করেছেন নতুন সরকারের অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী।
মন্ত্রী হিসেবে শপথের পরদিন বুধবার প্রথম কর্মদিবসের সকালে সাভারে জাতীয় স্মৃতিসৌধে পুষ্পস্তবক দেয়ার পর তিনি এ কথা বলেন।
আমীর খসরু জানান, গত ২০ বছরও অনেক কষ্ট করে, বাধা-বিপত্তি উপেক্ষা করে স্মৃতিসৌধে গিয়েছিলেন। তবে এবার তা পোহাতে হয়নি।
চব্বিশের গণঅভ্যুত্থান গণতন্ত্র ফিরিয়ে আনার ‘অর্ডার’ বলে উল্লেখ করেছেন তিনি।
আমীর খসরু বলেন, ‘মুক্তিযুদ্ধের জায়গায় মুক্তিযুদ্ধ, চব্বিশের জায়গায় চব্বিশ। এটা তো একটার সাথে একটা পরস্পরবিরোধী কিছু না। সুতরাং মুক্তিযুদ্ধ হচ্ছে এই দেশের জন্মের যুদ্ধ আর চব্বিশ হচ্ছে আমাদের স্বৈরাচার নিপাত করে একটি গণতান্ত্রিক অর্ডার ফিরিয়ে আনার যুদ্ধ। সুতরাং দুইটারই দুই ভ্যালু আছে, মূল্যবোধ আছে। দুইটাকে রেসপেক্ট করতে হবে।’
মুক্তিযুদ্ধের বিনিময়ে নতুন বাংলাদেশ হওয়ার পরে অনেক সমস্যা অতিক্রম করতে হয়েছে উল্লেখ করে তিনি বলেন, ‘অনেকগুলো প্রতিবাদ হয়েছে, বিপ্লব হয়েছে, আন্দোলন হয়েছে, মানুষ জীবন দিয়েছে, সবাইকে মাথায় রাখতে হবে, কাউকে তো বাদ দেয়া যাবে না।’
গণতন্ত্রের জন্য যারা আপসহীনভাবে লড়েছে, তাদের মধ্যে বিএনপি একমাত্র দল বলে দাবি করেন অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী।



