আগামী ১২ ফেব্রুয়ারি গণভোট ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচন পর্যবেক্ষণ নীতিমালা, ২০২৫ মেনে নির্বাচন কমিশনের নিবন্ধিত ৮১টি পর্যবেক্ষক সংস্থাকে অনুমতি দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। তাদের কার্ড প্রদানের ব্যাপারে ইসি বিশেষ নির্দেশনা দিয়েছে।
আজ রোববার ইসির জনসংযোগ শাখার পরিচালক রুহুল আমিন মল্লিক এই তথ্য জানিয়েছেন।
তিনি জানান, ৮১টি পর্যবেক্ষক সংস্থার কেন্দ্রীয়ভাবে সাত হাজার ৯৯৭ সংখ্যক এবং স্থানীয়ভাবে সংসদীয় আসনভিত্তিক ৪৭ হাজার ৪৫৭ সংখ্যকসহ সর্বমোট ৫৫ হাজার ৪৫৪ সংখ্যক পর্যবেক্ষককে নির্বাচন পর্যবেক্ষণের জন্য অনুমতি প্রদান করা হয়েছে। পর্যবেক্ষক পরিচয়পত্র ও গাড়ির স্টিকার ইস্যুর ক্ষেত্রে কমিশন নির্দেশনা প্রদান করেছে। সেগুলো হলো, আবেদনের সাথে EO-2, EO-3 ফরম যথাযথ আছে কিনা তা যাচাই করতে হবে। পর্যবেক্ষকদের জন্ম তারিখ ১১ ফেব্রুয়ারি ২০০৫ বা তার পূর্বে হতে হবে। শিক্ষাগত যোগ্যতার প্রমাণক হিসেবে এসএসসি এবং এইচএসসি/সমমানের সার্টিফিকেটের সত্যায়িত কপি জমা নিতে হবে। প্রত্যেক পর্যবেক্ষক সংস্থার প্রধান তার প্রতিষ্ঠানের নিয়োগকৃত পর্যবেক্ষকদের রাজনৈতিক সংশ্লিষ্টতা নেই মর্মে প্রত্যয়ন প্রদান করবেন (নমুনা সংযুক্ত)।



