জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে হাইকোর্টের রুল

রাজনৈতিক বিষয়কে আদালতে টেনে নেয়া সমীচীন নয় : গোলাম পরওয়ার

‘অতীতে বিভিন্ন রাজনৈতিক ইস্যু আদালতের মাধ্যমে নিষ্পত্তির যে চেষ্টা হয়েছে, তার পরিণতি ইতিবাচক হয়নি; বরং তা জাতীয় জীবনে বিভ্রান্তি ও অচলাবস্থা সৃষ্টি করেছে।’

নিজস্ব প্রতিবেদক
মিয়া গোলাম পরওয়ার
মিয়া গোলাম পরওয়ার |ফাইল ছবি

জুলাই সনদ বাস্তবায়ন সংক্রান্ত আদেশ, সংবিধান সংস্কার সভার শপথ গ্রহণ, গণভোটের প্রশ্ন ও ঐকমত্যের ভিত্তিতে গৃহীত ৩০টি সংস্কার প্রস্তাবের বিষয়ে মঙ্গলবার চার সপ্তাহের রুল জারি করেছেন হাইকোর্ট। এ প্রেক্ষিতে বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি মিয়া গোলাম পরওয়ার গভীর উদ্বেগ প্রকাশ করেছেন।

মঙ্গলবার (৩ মার্চ) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি বলেন, ‘রাজনৈতিক বিষয়কে আদালতের বারান্দায় টেনে নেয়া সমীচীন নয়। অতীতে বিভিন্ন রাজনৈতিক ইস্যু আদালতের মাধ্যমে নিষ্পত্তির যে চেষ্টা হয়েছে, তার পরিণতি ইতিবাচক হয়নি; বরং তা জাতীয় জীবনে বিভ্রান্তি ও অচলাবস্থা সৃষ্টি করেছে।’

তিনি আরো বলেন, ‘সরকারের আচরণে প্রতীয়মান হচ্ছে যে, রাজনৈতিক দায় এড়িয়ে আদালতের ওপর চাপ সৃষ্টি করে রাজনৈতিক ফায়দা হাসিলের অপচেষ্টা চলছে। পরিকল্পিতভাবে রিট পিটিশন দায়ের করিয়ে পর্দার আড়াল থেকে ইন্ধন দেয়া হলে তা হবে দ্বিচারিতা ও আত্মঘাতী পদক্ষেপ।’

মিয়া গোলাম পরওয়ার বলেন, ‘পছন্দসই ফল পাওয়ার উদ্দেশ্যে আদালতকে ব্যবহার করার পুরনো কৌশল পরিহার করতে হবে। সরকার যদি জুলাই সনদ বাস্তবায়নের প্রতিশ্রুতি থেকে সরে দাঁড়ায়, তবে তা জনগণের প্রত্যাশার পরিপন্থী হবে। দেশবাসী মনে করে, দেশের জনগণ ও জুলাই সনদকে মুখোমুখি দাঁড় করানোর যে কোনো অপচেষ্টা জাতীয় ঐক্যকে ক্ষতিগ্রস্ত করবে।’

অনতিবিলম্বে এ ধরনের হঠকারী পদক্ষেপ থেকে বিরত থাকতে সরকারের প্রতি আহ্বান জানান গোলাম পরওয়ার। সেইসাথে সংলাপ ও ঐকমত্যের ভিত্তিতে রাজনৈতিক সমস্যার সমাধানের ওপর গুরুত্বারোপ করেন তিনি।