গণভোট বাতিল হয়ে গেলে এ নির্বাচন প্রশ্নবিদ্ধ হবে বলে মন্তব্য করেছেন জাতীয় সংসদে বিরোধীদলীয় চিফ হুইপ ও এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম।
তিনি প্রশ্ন করেছেন, ‘কারণ আপনি কোন সংবিধান অনুযায়ী এই নির্বাচন করেছেন?’
বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) ঢাকার বাংলামোটরে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।
ত্রয়োদশ জাতীয় নির্বাচনের ভোটগ্রহণ সুষ্ঠু হলেও নির্বাচনের ফলাফলে কারচুপি হয়েছে বলে অভিযোগ করে তিনি বলেন, ‘তা সত্ত্বেও আমরা গণতন্ত্র ও দেশের স্থিতিশীলতার স্বার্থে এই ফলাফল মেনে নিয়ে এগোতে চেয়েছি।’
তিনি বলেন, ‘জাতীয় সংসদ ও সংবিধান সংস্কার পরিষদকে কার্যকর করতে আমরা (এনসিপি) শপথ গ্রহণ করেছি। কিন্তু শপথ গ্রহণের প্রথমদিন সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে সরকারি দল (বিএনপি) শপথগ্রহণ না করে বাংলাদেশের জনগণের সাথে, সংস্কারের পক্ষের মানুষদের সাথে এক ধরনের প্রতারণা করেছে।’ বিবিসি



