বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন বলেছেন, দুর্নীতি দমন, আইনের শাসন প্রতিষ্ঠা এবং প্রশাসনের সর্বস্তরে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করার কোনো বিকল্প নেই।
তিনি বলেন, জনগণের কল্যাণে দায়িত্বশীল ও সেবামুখী মনোভাব নিয়ে সরকারি কর্মকর্তাদের কাজ করতে হবে। দায়িত্ব পালনে কোনো ধরনের গাফিলতি বা অনিয়ম বরদাশত করা হবে না।
বৃহস্পতিবার (৫ মার্চ) কুমিল্লা জেলার দাউদকান্দি উপজেলা পরিষদ মিলনায়তনে সরকারি কর্মকর্তাদের সাথে আয়োজিত এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
সভায় বক্তব্যের শুরুতে দাউদকান্দি উপজেলা প্রশাসনের পক্ষ থেকে নবনির্বাচিত সংসদ সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেনকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়।
সভায় ড. খন্দকার মোশাররফ হোসেন বলেন, সরকারি কর্মকর্তারা মূলত জনগণের সেবক। তাই সেবার মানসিকতা নিয়ে প্রতিটি কাজ করতে হবে। জনসেবামূলক কার্যক্রমে ইচ্ছাকৃত গাফিলতি, দুর্নীতি কিংবা অনিয়মের কোনো সুযোগ নেই।
ড. খন্দকার মোশাররফ হোসেন সন্ত্রাস, মাদক ও চাঁদাবাজির বিরুদ্ধে কঠোর অবস্থান নেয়ার নির্দেশ দিয়ে বলেন, অপরাধীর কোনো রাজনৈতিক পরিচয় নেই। অপরাধী যেই হোক, তাকে আইনের আওতায় আনতে হবে।
এ সময় তিনি আরো বলেন, জনগণের আস্থা ও সমর্থনের ভিত্তিতেই বিএনপি দেশ পরিচালনার দায়িত্ব পেয়েছে। জনগণের প্রত্যাশা পূরণে সরকার প্রতিশ্রুতিবদ্ধ।
দলীয় ঘোষিত ৩১ দফা কর্মসূচি বাস্তবায়নের মাধ্যমে আগামী পাঁচ বছরে দেশের উন্নয়ন ও জনগণের জীবনমান উন্নয়নে উল্লেখযোগ্য অগ্রগতি অর্জিত হবে বলেও আশাবাদ ব্যক্ত করেন তিনি।
দাউদকান্দি উপজেলা নির্বাহী কর্মকর্তা নাছরীন আক্তারের সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ড. খন্দকার মারুফ হোসেনসহ উপজেলা প্রশাসনের বিভিন্ন দফতরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। বাসস



