প্রথম আলোতে ভাঙচুরের মামলা

আইনুল হক কাসেমীর অবিলম্বে মুক্তি দাবি হেফাজতের

‘ইতোমধ্যে বিনা বিচারে জেলে তার ১০০ দিন পার হয়েছে। এটি সুস্পষ্ট মানবাধিকার লঙ্ঘন।’

নিজস্ব প্রতিবেদক

দৈনিক প্রথম আলো কার্যালয়ে ভাঙচুরের মামলায় কারান্তরীণ মাওলানা আইনুল হক কাসেমীকে নিরপরাধ হিসেবে উল্লেখ করে অবিলম্বে তাকে মুক্তি দেওয়ার দাবি জানিয়েছে হেফাজতে ইসলাম বাংলাদেশ।

শুক্রবার (৩ এপ্রিল) সংবাদমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এ দাবি জানান হেফাজতের যুগ্ম মহাসচিব মাওলানা আজিজুল হক ইসলামাবাদী।  

বিবৃতিতে তিনি বলেন, ‘আমরা প্রথম আলো অফিস ভাঙচুরের মামলায় কারাবন্দী নিরপরাধ আলেম মাওলানা আইনুল হক কাসেমীর দ্রুত মুক্তি দাবি করছি। ইতোমধ্যে বিনা বিচারে জেলে তার ১০০ দিন পার হয়েছে। এটি সুস্পষ্ট মানবাধিকার লঙ্ঘন। এই রাষ্ট্রীয় মানবাধিকার লঙ্ঘনের দায় সদ্যবিদায়ী ইউনূস সরকারের। বর্তমান বিএনপি সরকারের কাছে আমাদের জোর দাবি, মাওলানা আইনুল হক কাসেমীসহ সংশ্লিষ্ট মামলায় যারা নিরপরাধ, তাদের অবিলম্বে মুক্তি দিয়ে রাষ্ট্রের দায় মোচন করুন।’

তিনি আরো বলেন, ‘আমাদের জানামতে, ভাঙচুরের ঘটনাটির সাথে মাওলানা আইনুল হক কাসেমীর কোনো সম্পর্ক নেই। প্রথম আলোর কঠোর সমালোচক হওয়ায় তাকে ষড়যন্ত্রমূলকভাবে ফাঁসানো হয়েছে বলে আমরা মনে করি। তাছাড়া বিনা বিচারে একজন নিরীহ আলেম এতদিন জেল খাটতে পারেন না। বিষয়টি চরম অমানবিক। এমনকি তা নিয়ে প্রথম আলো কর্তৃপক্ষেরও কোনো মাথাব্যথা নেই। আমরা দেশের সুশীল সমাজ, মানবাধিকার সংগঠন ও ইসলামী দলগুলোকে নিরীহ আলেম মাওলানা আইনুল হক কাসেমীসহ অন্য আলেমদের মুক্তির দাবিতে সোচ্চার হওয়ার জোরালো আহ্বান জানাচ্ছি।’ 

মাওলানা আজিজুল হক ইসলামাবাদী বলেন, ‘মনে রাখতে হবে, বাংলাদেশে নতুন প্রজন্মের চিন্তা-চেতনায় বৈপ্লবিক পরিবর্তন ঘটে গেছে। অ্যাজেন্ডা-সাংবাদিকতা ও হাস্যকর শিল্পব্যবসা দিয়ে তাদের আর ভোলানো যাবে না। আমরা সহিংসতা সমর্থন করি না। আধিপত্যবাদের মুখপত্র হিসেবে চিহ্নিত প্রথম আলো ও ডেইলি স্টারের বিরুদ্ধে শান্তিপূর্ণ প্রতিবাদ ও সমালোচনা জারি থাকবে ইনশাআল্লাহ।’