প্রধানমন্ত্রীকে ইফতার মাহফিলের দাওয়াত দিলো জামায়াত

ভবিষ্যতে সরকার ও বিরোধীদল উভয়ে ঐক্যবদ্ধভাবে বাংলাদেশের উন্নয়ন-অগ্রগতিতে কাজ করবেন বলে আশাবাদ ব্যক্ত করা হয়।

নিজস্ব প্রতিবেদক
প্রধানমন্ত্রী তারেক রহমানকে দাওয়াতপত্রটি দেন জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার
প্রধানমন্ত্রী তারেক রহমানকে দাওয়াতপত্রটি দেন জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার |সংগৃহীত

বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানকে সপরিবারে ইফতার মাহফিলের দাওয়াত দিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। আগামী ২৮ ফেব্রুয়ারি অনুষ্ঠেয় ওই মাহফিলে উপস্থিত থাকার বিষয়েও আগ্রহ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী।

বুধবার জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার সচিবালয়ে প্রধানমন্ত্রীর সাথে সাক্ষাৎ করেন। সেখানেই আনুষ্ঠানিকভাবে প্রধানমন্ত্রীকে দাওয়াতপত্রটি দেন জামায়াতের সেক্রেটারি জেনারেল। এ সময় তার সাথে ছিলেন সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আবদুল হালিম।

সাক্ষাৎকালে জামায়াত সেক্রেটারির মাধ্যমে প্রধানমন্ত্রী তারেক রহমান জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও জামায়াত আমির ডা: শফিকুর রহমানের স্বাস্থ্যের খোঁজখবর নেন এবং তিনি জামায়াত আমিরের সাথে ফোনে কথা বলেন ও কুশল বিনিময় করেন।

ভবিষ্যতে সরকার ও বিরোধীদল উভয়ে ঐক্যবদ্ধভাবে বাংলাদেশের উন্নয়ন-অগ্রগতিতে কাজ করবেন বলে আশাবাদ ব্যক্ত করা হয়।