প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের পর আজ প্রথমবার রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে যান বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির চেয়ারম্যান তারেক রহমান।
শনিবার (২৮ মার্চ) সন্ধ্যা ৭ টা ২৫ মিনিটে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে প্রবেশ করেন প্রধানমন্ত্রী। এ সময় সরকারের মন্ত্রী, সংসদ সদস্য ও দলীয় নেতাদের সাথে মতবিনিময় করেন তিনি।
এর আগে, তারেক রহমানের আগমন ঘিরে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে নেয়া হয় ব্যাপক প্রস্তুতি।
শনিবার (২৮ মার্চ) সকাল থেকেই কার্যালয় ও আশপাশের এলাকায় জোরদার করা হয় নিরাপত্তা ব্যবস্থা। প্রধানমন্ত্রীর নিরাপত্তা নিশ্চিত করতে অতিরিক্ত সিসিটিভি ক্যামেরা স্থাপন করা হয়। কেন্দ্রীয় কার্যালয়ের প্রধান ফটকের চারপাশে বসানো হয় ব্যারিকেড। পাশাপাশি আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা সকাল থেকেই সতর্ক অবস্থানে ছিলেন।
এদিকে, বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা সকাল থেকেই কার্যালয়ের সামনে জড়ো হতে শুরু করেন। তারা দলীয় প্রধানকে স্বাগত জানাতে অধীর আগ্রহে অপেক্ষা করেন এবং তার সাথে সাক্ষাতের আশায় অবস্থান করেন। খণ্ড খণ্ড মিছিলে নয়াপল্টন মুখরিত করে তোলেন নেতাকর্মীরা।
এরও আগে, শুক্রবার (২৭ মার্চ) বিএনপির মিডিয়া সেলের পক্ষ থেকে জানানো হয়, দলের চেয়ারম্যানের আগমন উপলক্ষে প্রয়োজনীয় সব প্রস্তুতি সম্পন্ন করেছেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও দলের জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।
উল্লেখ্য, দীর্ঘ প্রায় দুই দশক পর গত ২৯ ডিসেম্বর দেশে ফিরে প্রথমবারের মতো বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে যান তারেক রহমান। সেদিনও তাকে স্বাগত জানাতে নেতাকর্মীদের ব্যাপক ভিড় লক্ষ্য করা যায়।


