বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা: শফিকুর রহমানের এক্স (টুইটার) আইডি হ্যাকিংয়ের শিকার হওয়ার পর এবার সেক্রেটারি জেনারেল ও সাবেক সংসদ সদস্য মিয়া গোলাম পরওয়ারের এক্স (টুইটার) আইডিতে সাইবার হামলা হয়েছে। হ্যাকিংয়ের পর তার আইডি থেকে আপত্তিকর পোস্ট দেয়া হয়েছে।
এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে দলের সহকারী সেক্রেটারি জেনারেল এবং কেন্দ্রীয় মিডিয়া ও প্রচার বিভাগের প্রধান অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) এক বিবৃতিতে বলেন, একের পর এক জামায়াতে ইসলামীর নেতাদের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে হামলা চালানো হচ্ছে।
তিনি আরো বলেন, রাত ৮টা ৩১ মিনিটের দিকে অ্যাকাউন্টটিতে ডিভাইস হ্যাকিংয়ের মাধ্যমে একটি পোস্ট দেয়া হয়। বিষয়টি কেন্দ্রীয় সোশ্যাল মিডিয়া টিমের নজরে এলে সাথে সাথে তা ডিলিট করা হয়। এ বিষয়ে দ্রুত আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে। বাসস



