মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে আইনশৃঙ্খলা বাহিনীর প্রতি বিশেষ আহ্বান জানিয়েছেন সংসদের বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা: শফিকুর রহমান। তিনি বলেছেন, ‘আজ সকালে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে বসে মিরপুর এলাকার বাস্তব পরিস্থিতি নিয়ে খোলামেলা আলোচনা হয়েছে। মানুষ যেন নিশ্চিন্তে ঘুমাতে পারে, সন্তান যেন নিরাপদে স্কুলে যেতে পারে, পরিবার যেন ভয়হীনভাবে চলাফেরা করতে পারে- এটি নিশ্চিত করতে সংশ্লিষ্ট সকলকে আমি দায়িত্বশীল ভূমিকা রাখার আহ্বান জানিয়েছি।’
বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেয়া এক পোস্টে তিনি এসব কথা বলেন।
ওই পোস্টে জামায়াত আমির আরো বলেন, ‘মিরপুর এলাকায় মাদক, সন্ত্রাস, কিশোর গ্যাং, চাঁদাবাজি, নকল টাকা ছাপানোসহ সকল অবৈধ কাজ বন্ধে আমরা বদ্ধপরিকর। এসব অপরাধ কঠোরভাবে দমনের পাশাপাশি জনমনে শান্তি ও আস্থা ফিরিয়ে আনতে আইনশৃঙ্খলা বাহিনীকে আরো জনবান্ধব, পেশাদার ও কার্যকর ভূমিকা পালনের দাবি জানিয়েছি।’
তিনি বলেন, ‘আমি মিরপুরবাসীসহ সকল নাগরিককে অনুরোধ করছি- আপনারা সচেতন থাকুন, অন্যায়ের বিরুদ্ধে দাঁড়ান, প্রয়োজনে তথ্য দিন, সহযোগিতা করুন। নিরাপদ সমাজ গড়তে সবার সম্মিলিত সহযোগিতা ও সক্রিয় অংশগ্রহণ একান্ত প্রয়োজন। ইনশাআল্লাহ, আমরা একসাথে শান্তিপূর্ণ, নিরাপদ ও সম্প্রীতির মিরপুর গড়ে তুলবো।’



