ডা: শফিকুর রহমান

জামায়াত ক্ষমতায় গেলে নারীদের মন্ত্রী করা হবে

‘আমরা বেকার ভাতা নয়, যুবকদের হাতে কাজ তুলে দেবো। চা শ্রমিকদের জন্য ইনসাফ করা হবে। একজন চা শ্রমিকের সন্তান যেন একদিন দেশের প্রধানমন্ত্রী হতে পারেন।’

নিজস্ব প্রতিবেদক
জামায়াতের নির্বাচনী ইশতেহার অনুষ্ঠান
জামায়াতের নির্বাচনী ইশতেহার অনুষ্ঠান |নয়া দিগন্ত

জামায়াত ক্ষমতায় গেলে নারীদের মন্ত্রী করা হবে বলে জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা: শফিকুর রহমান।

তিনি বলেন, নারীদের যেন চাকরি না ছাড়তে হয় সেজন্য মায়েদের কর্মঘণ্টা কমানোর কথা বলেছি। অথচ এটা নিয়ে নানা কথা ছড়ানো হলো। আমরা নাকি নারীদের চাকরি করতে দিতে চায়না। আমরা চাই অনেক নারী মা হওয়ার পর চাকরি ছেড়ে দেন, তাদের যেন চাকরি না ছাড়তে হয়, সেজন্য কর্মঘণ্টা শিথিল করার কথা বলেছি। এতে ওই মা চাকরিও করতে পারবেন, আবার সন্তান লালন পালন করতে পারবেন। ওই মায়েদের সন্তানদের জন্য ডে কেয়ার সেন্টার থাকবে। আর বেতনের ক্ষেত্রে ওই মা যত ঘন্টা কাজ করবেন, মালিক ততটুকুর বেতন দিবেন, বাকি সময়ের বেতন দিবে সরকার।

বুধবার (৪ ফেব্রুয়ারি) সন্ধ্যায় আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নির্বাচনী ইশতেহার ঘোষণা অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

ডা: শফিকুর রহমান বলেন, ‘আমরা বেকার ভাতা নয়, যুবকদের হাতে কাজ তুলে দেবো। চা শ্রমিকদের জন্য ইনসাফ করা হবে। একজন চা শ্রমিকের সন্তান যেন একদিন দেশের প্রধানমন্ত্রী হতে পারেন।’

তিনি বলেন, ‘পাহাড়ে অশান্তি দূর করতে চায়। পাহাড়ি-বাঙ্গালি দূরত্ব ও বৈষম্য দূর করতে চায়।’

জামায়াত আমির বলেন, ‘আমাদের ইশতেহার হলো জনবান্ধব, ব্যবসা বান্ধব, শান্তি বান্ধব ও শৃঙ্খলা বান্ধব। আমরা বেসরকারি ব্যবসাকে বেশি উৎসাহিত করতে চায়। শিল্প মালিকরা হবেন দেশের আইকন। তাদের আমরা শিশুর মতো যত্ন নেবো।’

তিনি বলেন, ‘প্রতিবেশী সবার সাথে আমরা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক চাই। একইসাথে আমরাও সম্মান ও বন্ধুত্ব চাই।’

তিনি আরো বলেন, ‘আমরা বৈষম্য ও ন্যায় বিচার নিশ্চিত করতে চাই। যদি ন্যায় বিচার নিশ্চিত হয় তাহলে দেশ ৭০ ভাগ ঠিক হয়ে যাবে।’

তরুণরা জীবন ও রক্ত দিয়ে নতুন দেশ গড়ার পথ তৈরি করেছে জানিয়ে তিনি বলেন, আমরা তরুণদের আকাঙ্ক্ষার নতুন বাংলাদেশ গড়তে চাই। তাদের আমানত যেন আমরা রক্ষা করতে পারি, খেয়ানত যেন না হয় সেদিকে সবার খেয়াল রাখতে হবে।’

জামায়াত আমির বলেন, ‘এ দেশ সবার। দেশ ভালো থাকলেই আমরা ভালো থাকব।’

অনুষ্ঠানে খেলাফত মজলিসের মহাসচিব ড. আহমদ আব্দুল কাদের, এনসিপির মুখপাত্র আসিফ মাহমুদ সজিব ভুঁইয়া, নেজামে ইসলাম পার্টির মহাসচিব মুফতি মুসা বিন ইজহার, জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার, সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আব্দুল হালিম, অ্যাডভোকেট মোয়াজ্জেম হোসেন হেলাল, অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের, জাগপার সাধারণ সম্পাদক ইকবাল হোসেন, লেবার পার্টির চেয়ারম্যান ডা: মোস্তাফিজুর রহমান ইরানসহ বিভিন্ন দেশের কূটনৈতিকবৃন্দ, রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, সিনিয়র সাংবাদিক, ব্যবসায়ী নেতৃবৃন্দসহ বিভিন্ন পেশার নেতৃস্থানীয় ব্যক্তিরা।