জামায়াতের মহিলা বিভাগের কর্মী গ্রেফতার, তীব্র নিন্দা ও প্রতিবাদ

ফৌজদারি কার্যবিধির ৫৪ ধারায় তাকে বিজ্ঞ আদালতে চালান দেয়া হয়েছে এবং জেল হাজতে আটক রাখার আদেশ চাওয়া হয়েছে। তার অপরাধ— সরকারের নীতির সমালোচনা করা।

নয়া দিগন্ত অনলাইন

Location :

Dhaka
জামায়াতে ইসলামীর মহিলা বিভাগের লোগো
জামায়াতে ইসলামীর মহিলা বিভাগের লোগো |নয়া দিগন্ত

বরিশালের ভোলায় সরকারের সমালোচনা করে ফেসবুকে পোস্ট দেয়ায় বিবি সাওদা (৩৭) নামে এক নারীকে গ্রেফতার সরকারের অগণতান্ত্রিক আচরণের বহিঃপ্রকাশ বলে মন্তব্য করে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বিবৃতি দিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর মহিলা বিভাগের সেক্রেটারি নূরুন্নিসা সিদ্দীকা।

রোববার (৫ এপ্রিল) রাতে ভোলা সদর মডেল থানার অধীনে অভিযান চালিয়ে জেলা গোয়েন্দা শাখার সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেল তাকে নিজ বাড়ি থেকে গ্রেফতার করে।

বিবৃতিতে নূরুন্নিসা সিদ্দীকা বলেন, ‘বিবি সাওদা জামায়াতে ইসলামী মহিলা বিভাগের কর্মী। যিনি ফেসবুকে দেশের জ্বালানি পরিস্থিতি ও রাষ্ট্রীয় বিষয়ে মতামত প্রকাশ করেছিলেন। পরে ফৌজদারি কার্যবিধির ৫৪ ধারায় তাকে বিজ্ঞ আদালতে চালান দেয়া হয়েছে এবং জেল হাজতে আটক রাখার আদেশ চাওয়া হয়েছে। তার অপরাধ— সরকারের নীতির সমালোচনা করা।’

তিনি বলেন, ‘একজন নারীকে রাতে বাড়ি থেকে আটক করা এটি কোনো আইনি প্রক্রিয়া নয়। সাইবার ক্রাইম সেলকে ব্যবহার করে ফেসবুক পোস্টের জন্য নাগরিকদের গ্রেফতার করা— গণতান্ত্রিক বাংলাদেশের জন্য অশনিসংকেত।’

তিনি আরো বলেন, ‘রাতের গভীরে গৃহ থেকে তুলে নিয়ে যাওয়া কোনো সাধারণ ঘটনা হতে পারে না। চরমভাবে নারীর মতপ্রকাশের স্বাধীনতায় হস্তক্ষেপ, নারীর ক্ষমতায়নের কথা বলা হয় অথচ নারীর গণতান্ত্রিক অধিকার ক্ষুন্ন করা হয়েছে। এটা ভয়ের এক শাসনব্যবস্থার ইঙ্গিত। বিপ্লোপত্তর দেশে নারী গ্রেফতার করার মতো ঘটনা আমরা মেনে নেব না।’

নূরুন্নিসা সিদ্দীকা বলেন, ‘বাংলাদেশ জামায়াতে ইসলামী মহিলা বিভাগের পক্ষ থেকে এঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। এঘটনা সরকারের অগণতান্ত্রিক আচরণের বহিঃপ্রকাশ। আমরা অবিলম্বে বিবি সাওদার নিঃশর্ত মুক্তি দাবি জানাচ্ছি। একই সাথে দেশের সকল নারীর মতপ্রকাশের স্বাধীনতা ও নিরাপত্তা নিশ্চিতের ব্যাপারে সরকারের বিশেষ দৃষ্টি দেয়ার আহবান জানাচ্ছি।’