দেশবাসীসহ বিশ্ব মুসলিমদের ঈদের শুভেচ্ছা জানালেন ড. ইউনূস

রমজান মাসের সিয়াম সাধনা শেষে বিশ্বের প্রায় দুই বিলিয়ন মুসলমান ঈদ উদযাপন করছেন। তবে এ আনন্দের সময়েও ইরান, লেবানন ও উপসাগরীয় অঞ্চলের সঙ্ঘাতে ক্ষতিগ্রস্ত মানুষের কথা গভীর উদ্বেগের সাথে স্মরণ করেন তিনি।

নয়া দিগন্ত অনলাইন
ড. মুহাম্মদ ইউনূস
ড. মুহাম্মদ ইউনূস |ফাইল ছবি

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে দেশবাসীসহ বিশ্ব মুসলিমদের শুভেচ্ছা জানিয়েছেন ড. মুহাম্মদ ইউনূস।

শুক্রবার (২০ মার্চ) নিজের ফেসবুক পেজে দেয়া এক বার্তায় তিনি এ শুভেচ্ছা জানান।

বার্তায় তিনি বলেন, রমজান মাসের সিয়াম সাধনা শেষে বিশ্বের প্রায় দুই বিলিয়ন মুসলমান ঈদ উদযাপন করছেন। তবে এ আনন্দের সময়েও ইরান, লেবানন ও উপসাগরীয় অঞ্চলের সঙ্ঘাতে ক্ষতিগ্রস্ত মানুষের কথা গভীর উদ্বেগের সাথে স্মরণ করেন তিনি।

ড. ইউনূস উল্লেখ করেন, সাম্প্রতিক সঙ্ঘাতে হাজারো মানুষ নিহত ও লাখো মানুষ বাস্তুচ্যুত হয়েছেন। শান্তিপূর্ণ সমাধানের সুযোগ থাকা সত্ত্বেও সহিংসতার পথ বেছে নেয়ায় পরিস্থিতি আরো জটিল হয়ে উঠেছে এবং এর প্রভাব গোটা অঞ্চলে ছড়িয়ে পড়ছে।

তিনি আশাবাদ ব্যক্ত করে বলেন, দীর্ঘদিন ধরে চলমান এই সঙ্ঘাতের অবসান ঘটিয়ে সংশ্লিষ্ট দেশগুলোর জনগণ যেন শান্তিপূর্ণ সহাবস্থানের পথ খুঁজে পায়।

বাংলাদেশের প্রসঙ্গ টেনে তিনি বলেন, প্রবাসে থাকা স্বজনদের নিরাপত্তা নিয়ে দেশের বহু পরিবার উদ্বিগ্ন। পাশাপাশি যুদ্ধের প্রভাব ইতোমধ্যে বাংলাদেশেও পড়েছে, যেখানে হামলায় নিহত বাংলাদেশীদের জন্য তিনি শোক প্রকাশ করেন।

ড. ইউনূস আরো বলেন, বিশ্ব এখন নতুন কোনো আঞ্চলিক সঙ্ঘাতের ভার বহন করার মতো অবস্থায় নেই। চলমান বিভিন্ন যুদ্ধের কারণে বৈশ্বিক অর্থনীতি, বিশেষ করে খাদ্য ও জ্বালানি বাজার অস্থিতিশীল হয়ে পড়ছে, যার বড় প্রভাব পড়ছে দরিদ্র মানুষের ওপর।

শেষে তিনি সবার জন্য শান্তি, স্থিতিশীলতা ও সহিংসতার অবসান কামনা করে বলেন, “সবাইকে ঈদ মোবারক।”