মানিকগঞ্জ পারিবারিক আপিল আদালতের বিচারক জেলা ও দায়রা জজ এম এ সাঈদকে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের আইন উপদেষ্টা হিসেবে নিয়োগ করা হয়েছে।
বুধবার (৪ মার্চ) আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগের বিচার শাখা-৩-এর উপ-সচিব (প্রশাসন-১) এ এফ এম গোলজার রহমান স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনের মাধ্যমে এ তথ্য জানানো হয়।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত প্রতিমন্ত্রীর আধা-সরকারি পত্র এবং তদপ্রেক্ষিতে জনপ্রশাসন মন্ত্রণালয়ের অনুরোধের পরিপ্রেক্ষিতে বাংলাদেশ সুপ্রিম কোর্টের সাথে পরামর্শক্রমে বাংলাদেশ জুডিসিয়াল সার্ভিসের নিম্নবর্ণিত সদস্যকে বর্তমান কর্মস্থল থেকে বদলি করে পুনরাদেশ না দেয়া পর্যন্ত তার নামের পার্শ্বে বর্ণিত পদে ও কর্মস্থলে (প্রেষণে) নিয়োগ/বদলি করা হলো।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, বর্ণিত কর্মকর্তাকে জেলা ও দায়রা জজ কর্তৃক মনোনীত কর্মকর্তার নিকট আগামী ৫ মার্চ ২০২৬ তারিখ পূর্বাহ্ণে বর্তমান পদের দায়িত্বভার অর্পণ করে অবিলম্বে বদলিকৃত কর্মস্থলে যোগদানের জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো।
বদলিকৃত কর্মস্থলে পদায়নের নিমিত্ত উপরিবর্ণিত কর্মকর্তার চাকরি জনপ্রশাসন মন্ত্রণালয়ে ন্যস্ত করা হলো।
জনস্বার্থে এ আদেশ জারি করা হলো। বাসস



