সংসদের প্রথম অধিবেশনের সভাপতি খন্দকার মোশাররফ হোসেন

ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনে সভাপতিত্ব করছেন বিএনপির জ্যেষ্ঠ নেতা ও সংসদ সদস্য খন্দকার মোশাররফ হোসেন। তিনি স্পিকার ও ডেপুটি স্পিকার নির্বাচিত না হওয়া পর্যন্ত আপাতত সংসদের দায়িত্ব পালন করবেন।

নয়া দিগন্ত অনলাইন
বিএনপির জ্যেষ্ঠ নেতা ও সংসদ সদস্য খন্দকার মোশাররফ হোসেন
বিএনপির জ্যেষ্ঠ নেতা ও সংসদ সদস্য খন্দকার মোশাররফ হোসেন |সংগৃহীত

সংসদের প্রথম অধিবেশনে সভাপতিত্ব করছেন বিএনপির জ্যেষ্ঠ নেতা ও সংসদ সদস্য খন্দকার মোশাররফ হোসেন। সংসদের নতুন স্পিকার ও ডেপুটি স্পিকার নির্বাচিত না হওয়ার পর্যন্ত তিনি আপাতত স্পিকারের দায়িত্ব পালন করবেন।

আজ বৃহস্পতিবার বেলা ১১টার পর স্পিকারের চেয়ার খালি রেখে সংসদ অধিবেশনের কার্যক্রম শুরু হয়।

পবিত্র কোরআন তিলাওয়াতের পর বেলা ১১টার কিছু পরে বক্তব্য শুরু করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বক্তব্যের শুরুতেই তিনি ১৯৭১ সাল থেকে সব আন্দোলন-সংগ্রামের শহীদদের স্মরণ করেন।

সাধারণত বিদায়ী সংসদের স্পিকার বা ডেপুটি স্পিকারের সভাপতিত্বে নতুন সংসদের প্রথম অধিবেশন শুরু হয়। কিন্তু এবার স্পিকার ও ডেপুটি স্পিকারের কেউই উপস্থিত নেই। তাদের অনুপস্থিতিতেই সংসদ অধিবেশন শুরু হয়। তবে সংসদ অধিবেশনে সভাপতিত্ব করার জন্য তারেক রহমান খন্দকার মোশাররফ হোসেনকে আহ্বান জানান।

এতে পূর্ণ সমর্থন জানান মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

এছাড়া অধিবেশনে সভাপতিত্ব করার জন্য খন্দকার মোশাররফ হোসেনের নাম প্রস্তাবকে বিরোধী দলীয় উপনেতা জামায়াতের নায়েবে আমির সৈয়দ আবদুল্লাহ মুহাম্মদ তাহেরও সমর্থন জানান।

তাকে প্রথম বৈঠকে সভাপতিত্ব করার দায়িত্ব প্রদান করায় তিনি সকল সংসদ সদস্যের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।

চতুর্থবারের মতো সরকার গঠন করা বিএনপিকে ও প্রথমবারের মতো বিরোধী দলের দায়িত্ব পালন করা বাংলাদেশ জামায়াতে ইসলামীকে অভিনন্দন জানিয়েছেন তিনি।