রেল দুর্ঘটনা কমাতে সরকারের পরিকল্পনার কথা জানালেন রেল প্রতিমন্ত্রী

'পুরনো রেলগেটগুলোতে গেটম্যানের অভাব ও তদারকি না থাকায় দুর্ঘটনা বেশি ঘটছে। এ কারণে এসব ক্রসিং আধুনিকায়নের পাশাপাশি স্বয়ংক্রিয় ব্যারিয়ার ব্যবস্থা চালুর উদ্যোগ নেয়া হচ্ছে, যাতে ট্রেন আসার আগেই গেট বন্ধ হয়ে যায়।'

নয়া দিগন্ত অনলাইন
কথা বলছেন রেল প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ হাবিব
কথা বলছেন রেল প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ হাবিব |ইউএনবি

রেল দুর্ঘটনা রোধে দেশের পুরনো রেল ক্রসিংগুলোতে ওভারপাস ও আন্ডারপাস নির্মাণ এবং আধুনিক অটোমেটিক সিগন্যাল ব্যবস্থা চালুর পরিকল্পনার কথা জানিয়েছেন রেল প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ হাবিব।

তিনি বলেন, পুরনো রেলগেটগুলোতে গেটম্যানের অভাব ও তদারকি না থাকায় দুর্ঘটনা বেশি ঘটছে। এ কারণে এসব ক্রসিং আধুনিকায়নের পাশাপাশি স্বয়ংক্রিয় ব্যারিয়ার ব্যবস্থা চালুর উদ্যোগ নেয়া হচ্ছে, যাতে ট্রেন আসার আগেই গেট বন্ধ হয়ে যায়।

রোববার (২২ মার্চ) সকালে কুমিল্লার পদুয়া বাজার বিশ্বরোড এলাকায় বাস-ট্রেন সংঘর্ষে ১২ জন নিহত হওয়ার ঘটনার পর দুর্ঘটনাস্থল পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

প্রতিমন্ত্রী জানান, দুর্ঘটনার কারণ অনুসন্ধানে তদন্ত কমিটি গঠন করা হয়েছে এবং প্রাথমিকভাবে গাফিলতির প্রমাণ পাওয়ায় দুই গেটম্যানকে বরখাস্ত করা হয়েছে। এক সপ্তাহের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দেয়ার আশা করা হচ্ছে।

ক্ষতিগ্রস্তদের বিষয়ে তিনি জানান, নিহতদের পরিবারকে রেলওয়ের পক্ষ থেকে এক লাখ টাকা করে এবং জেলা প্রশাসনের পক্ষ থেকে অতিরিক্ত সহায়তা দেয়া হবে।

এছাড়া ভবিষ্যতে দুর্ঘটনার পর দ্রুত উদ্ধারকাজ চালাতে সরকার নতুন চারটি রিলিফ ট্রেন কেনার পরিকল্পনাও নিয়েছে বলে জানান প্রতিমন্ত্রী। ইউএনবি