মেট্রোরেলের ভাড়ায় ২৫ শতাংশ ছাড়

স্টুডেন্টদের আইডি কার্ড শো করতে হবে এবং যারা প্রতিবন্ধী আছেন তাদেরও এই সুবিধা দেয়া হবে, তাদের একটা কার্ড মন্ত্রণালয় থেকে দেয়া হবে।

নয়া দিগন্ত অনলাইন
মেট্রোরেল
মেট্রোরেল |ইন্টারনেট

প্রতিবন্ধী ব্যক্তি, শিক্ষার্থী এবং ৬৫ বছরের বেশি বয়সী নাগরিকদের জন্য মেট্রোরেলসহ সব ধরনের রেলসেবায় ২৫ শতাংশ ভাড়া ছাড় দেয়া হবে বলে জানিয়েছেন সড়ক ও সেতু, রেলপথ এবং নৌপরিবহন মন্ত্রী শেখ রবিউল আলম।

আজ মঙ্গলবার সচিবালয়ে সাংবাদিকদের সাথে আলাপকালে এ কথা জানান তিনি। তবে এই ভাড়া ছাড় কার্যকর হতে কিছুটা সময় লাগবে বলেও জানিয়েছেন তিনি।

মুক্তিযোদ্ধারা কী এ সুবিধা পাবেন- জানতে চাইলে মন্ত্রী বলেন, সে বিষয়ে আজকে কোনো কথা হয়নি।

ট্রেনে টিকিটগুলো এখন অনলাইনে কাটা হয়- এ বিষয়ে মন্ত্রী বলেন, অনলাইনে ওখানে অপশন থাকবে, আইডি কার্ড দেখালে বয়স যদি ৬৫ বছরের বে‌শি হয়, তবে আপনি ওই ২৫ শতাংশ ডিসকাউন্ট পেয়ে যাবেন। অনবোর্ডেও আইডি কার্ড শো করতে হবে। স্টুডেন্টদের আইডি কার্ড শো করতে হবে এবং যারা প্রতিবন্ধী আছেন তাদেরও এই সুবিধা দেয়া হবে, তাদের একটা কার্ড মন্ত্রণালয় থেকে দেয়া হবে।

তিনি বলেন, আমরা রেলের সার্বিক উন্নয়ন চাচ্ছি। সেবার মান, বর্তমানে যে সমস্ত ট্রেনগুলো চালু আছে তার গতি বৃদ্ধি এবং অল্প সময়ে যাতায়াত কিভাবে করা যায়, তার জন্য বিদ্যমান কিছু প্রকল্প আছে সেগুলো আরো বেগ পাবে বাস্তবায়নের ক্ষেত্রে। নতুন কিছু প্রকল্প গ্রহণ করা হচ্ছে, যার ফলে রেলের বিদ্যমান যে অবস্থা আপনারা দেখছেন, যে সেবা এবং যে সার্ভিসটা এখানে আছে, সেটা আরো শক্তিশালী, জনবান্ধব এবং মানসম্মত হবে।’

সূত্র : ইউএনবি