কোস্ট গার্ডের অভিযানে সুন্দরবনে জিম্মি থাকা ৬ জেলে উদ্ধার

‘গত ৭ মার্চ ছয়জন জেলে সুন্দরবনে মাছ ও কাঁকড়া ধরতে গেলে নানা ভাই বাহিনীর সদস্যরা তাদের ধরে নিয়ে যায় এবং জিম্মি করে রেখে মুক্তিপণ আদায়ের উদ্দেশ্যে নির্যাতন করছিল। পরবর্তী সময়ে মো: কবির নামের একজন ব্যক্তি তার ভাইকে গত ১০ দিন যাবৎ জিম্মি রেখে মুক্তিপণ দাবির বিষয়টি কোস্ট গার্ড জরুরি সেবা ১৬১১১ নম্বরে অবগত করে।’

নিজস্ব প্রতিবেদক
সুন্দরবনে জিম্মি থাকা ছয়জন জেলে উদ্ধার
সুন্দরবনে জিম্মি থাকা ছয়জন জেলে উদ্ধার |নয়া দিগন্ত

সুন্দরবনে কোস্ট গার্ডের অভিযানে ‘দুর্ধর্ষ ডাকাত নানা ভাই বাহিনী’র হাতে জিম্মি থাকা ছয়জন জেলেকে উদ্ধার করা হয়েছে।

মঙ্গলবার (১৭ মার্চ) বিকেলে কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এ তথ্য জানান।

তিনি বলেন, গত ৭ মার্চ ছয়জন জেলে সুন্দরবনে মাছ ও কাঁকড়া ধরতে গেলে নানা ভাই বাহিনীর সদস্যরা তাদের ধরে নিয়ে যায় এবং জিম্মি করে রেখে মুক্তিপণ আদায়ের উদ্দেশ্যে নির্যাতন করছিল। পরবর্তী সময়ে মো: কবির নামের একজন ব্যক্তি তার ভাইকে গত ১০ দিন যাবৎ জিম্মি রেখে মুক্তিপণ দাবির বিষয়টি কোস্ট গার্ড জরুরি সেবা ১৬১১১ নম্বরে অবগত করে।

প্রাপ্ত তথ্যের ভিত্তিতে গোয়েন্দা নজরদারির মাধ্যমে আজ ভোর ৫টায় কোস্ট গার্ড আউটপোস্ট নলিয়ান কর্তৃক সুন্দরবনে শিবসা নদী-সংলগ্ন কালির খাল এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযান চলাকালীন ওই এলাকা থেকে ডাকাতদের কাছে জিম্মি থাকা ছয়জন জেলেকে উদ্ধার করা হয়। এ সময় কোস্ট গার্ডের উপস্থিতি টের পেয়ে ডাকাতরা জিম্মিদের রেখে বনের ভেতর পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি। উদ্ধারকৃত জেলে রফিকুল (৩০), আলামিন (২৬) ও ইসমাঈল শানা (২৪) খুলনা জেলার কয়রা থানা এবং রমজান আলী (৩৬), রেজওয়ান (২২) ও মিয়া রাজ (১৮) সাতক্ষীরা জেলার শ্যামনগর থানার বাসিন্দা।

উদ্ধার হওয়া জেলেদের পরিবারের কাছে হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

তিনি আরো বলেন, সুন্দরবনকে দস্যুমুক্ত রাখতে বাংলাদেশ কোস্ট গার্ড ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত রাখবে।