আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে বাংলাদেশের সফল ও উদীয়মান নারী উদ্যোক্তাদের স্বীকৃতি দিতে মর্যাদাপূর্ণ ‘সাহসিকা ৪.০ নারী উদ্যোক্তা পুরস্কার-২০২৬’ অনুষ্ঠান রোববার (৮ মার্চ) রাজধানীর রেডিসন ব্লু ওয়াটার গার্ডেন হোটেল, ঢাকায় অনুষ্ঠিত হয়েছে।
মোট আটটি ক্যাটাগরিতে আটজন নারী উদ্যোক্তাকে সফলভাবে ব্যবসা পরিচালনা, উদ্ভাবন, কর্মসংস্থান সৃষ্টি এবং জাতীয় অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখার জন্য সাহসিকা নারী উদ্যোক্তা সম্মাননা প্রদান করা হয়। এছাড়াও ‘বাংলাদেশি ফ্ল্যাগ গার্ল’ হিসেবে পরিচিত ১৮৪টি দেশ ভ্রমণকারী নাজমুন নাহারকে সাহসিকা বিশেষ সম্মাননা প্রদান করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সরকারের সমাজকল্যাণ এবং নারী ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী ড. এ জেড এম জাহিদ হোসেন এবং প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ। সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর নূরুন নাহার, বাংলাদেশ পুলিশের অতিরিক্ত মহাপরিদর্শক রেজাউল করিম ও বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা মাহিদুর রহমান।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ ব্যাংকের এক্সিকিউটিভ ডিরেক্টর (গ্রেড-১) এবং সাহসিকার উপদেষ্টা মো: আমজাদ হোসেন খান। অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন লেখক, পরামর্শক ও সাহসিকা উদ্যোগের প্রধান সমন্বয়ক জনাব নাজমুল হুদা।
‘ব্যবসার অন্তরালের গল্প : টেকসই প্রবৃদ্ধির জন্য কৌশল ও দক্ষতা’ শীর্ষক প্যানেল আলোচনায় বক্তব্য রাখেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উন্নয়ন অধ্যয়ন বিভাগের অধ্যাপক ড. শুচিতা শারমিন, নারী উন্নয়ন শক্তির নির্বাহী পরিচালক ড. আফরোজা পারভীন, ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক পিএলসি-এর চিফ কমিউনিকেশন অফিসার জিশান কিংশুক হক, আইসিটি কেয়ারের প্রতিষ্ঠাতা ও বিজনেস কোচ মো: শৌভিকুর রহমান এবং ওরাকল বাংলাদেশের কান্ট্রি ম্যানেজিং ডিরেক্টর ও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালক রুবাবা দৌলা।
সেশনটি সঞ্চালনা করেন জেসিআই ঢাকা ওয়েস্টের লোকাল প্রেসিডেন্ট এবং সিটিব্যাংক এনএ-এর ভাইস প্রেসিডেন্ট সুবাহ আফরিন।
স্বপ্নশীলন এর উদ্যোগে সাহসিকা ৪.০ এর আয়োজন সহযোগী ছিল উইমেন অ্যান্ড ইকমার্স ট্রাস্ট, জেসিআই ঢাকা ওয়েস্ট, ই-ক্লাব উইমেন্স ফোরাম ও আইসটি কেয়ার। বিজ্ঞপ্তি



