জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় মঙ্গলবার (১৬ ফেব্রুয়ারি) সকাল ১০টায় নবনির্বাচিত সংসদ সদস্যদের শপথ পাঠ করাবেন প্রধান নির্বাচন কমিশনার। বিকেল ৪টায় প্রধানমন্ত্রী ও মন্ত্রিসভার সদস্যদের শপথগ্রহণ অনুষ্ঠিত হবে।
মঙ্গলবার বিকেলে শপথ গ্রহণকারী নবনিযুক্ত প্রধানমন্ত্রীর নিরাপত্তা নিশ্চিত করতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে পুলিশকে নির্দেশ দিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়।
অনুষ্ঠানস্থল ও আশপাশের এলাকায় সার্বিক নিরাপত্তা জোরদার করতে পুলিশকে নির্দেশ দেয়া হয়েছে।
এদিকে, ঢাকা মেট্রোপলিটন পুলিশ জানিয়েছে, শপথ গ্রহণ অনুষ্ঠান চলাকালীন সময়ে সংসদ ভবন এলাকার খেজুর বাগান ক্রসিং হতে মানিক মিয়া এভিনিউ এবং জুলাই স্মৃতি জাদুঘর (গণভবন ক্রসিং) হতে উড়োজাহাজ ক্রসিং পর্যন্ত লেকরোডে যান চলাচল সীমিত করা হবে।
যান চলাচল নিয়ন্ত্রণের ফলে সাময়িক অসুবিধার জন্য রোড ডাইভারশনের মাধ্যমে যানবাহনের প্রবাহ সচল রাখার কথা জানিয়েছে পুলিশ।
জাতীয় সংসদ সচিবালয় জানিয়েছে, পর্যায়ক্রমে সংসদ সদস্য ও সংবিধান সংস্কার পরিষদের শপথ পাঠ করানো হবে।
এদিকে, সংখ্যাগরিষ্ঠ ভোট পেয়ে ত্রয়োদশ জাতীয় সংসদে নির্বাচিত দল বিএনপির নেতারা আভাস দিয়েছেন, তারা কেবল সংসদ সদস্য হিসেবে শপথ নেবেন। সংবিধান সংস্কার পরিষদের শপথ নেবেন কিনা এ বিষয়টি অনেকগুলো সংশোধনীর ওপর নির্ভর করে।
বিএনপি জানিয়েছে, প্রধানমন্ত্রী হিসেবে দলটির চেয়ারম্যান তারেক রহমান শপথ নেবেন।
১৬ মাস পর নির্বাচিত সরকারের কাছে দায়িত্ব দিতে যাচ্ছে অন্তর্বর্তী সরকার। প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস সোমবার রাতে জাতির উদ্দেশে ভাষণে বিদায় নেয়ার কথা জানিয়েছেন। বিবিসি



