বিসিএস কারিগরি শিক্ষা ক্যাডারে নিয়োগপ্রাপ্তদের যোগদানের নির্দেশ

আজ রোববার শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি ও মাদরাসা শিক্ষা বিভাগ থেকে জারি করা এক আদেশে এই নির্দেশনা দেয়া হয়।

নয়া দিগন্ত অনলাইন

৪৪তম বিসিএস পরীক্ষার মাধ্যমে বিসিএস (কারিগরি শিক্ষা) ক্যাডারে নিয়োগকৃত শিক্ষক ও কর্মকর্তাদের আগামীকাল সোমবার যোগদানের নির্দেশ দিয়েছে সরকার।

আজ রোববার শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি ও মাদরাসা শিক্ষা বিভাগ থেকে জারি করা এক আদেশে এই নির্দেশনা দেয়া হয়।

আদেশে বলা হয়েছে, জনপ্রশাসন মন্ত্রণালয়ের নিয়োগ প্রজ্ঞাপন অনুযায়ী বিসিএস (কারিগরি শিক্ষা) ক্যাডারে নিয়োগপ্রাপ্ত সকল শিক্ষক ও কর্মকর্তাকে আগামীকাল সোমবার সকাল ৯টার মধ্যে ঢাকার আগারগাঁওস্থ কারিগরি শিক্ষা অধিদফতরে উপস্থিত হয়ে কারিগরি ও মাদরাসা শিক্ষা বিভাগের সচিব বরাবর যোগদানপত্র দাখিল করতে হবে।

এতে বলা হয়েছে, যোগদান-পরবর্তী নবনিযুক্ত কর্মকর্তাদের জন্য ৯ ও ১০ ফেব্রুয়ারি দুই দিনব্যাপী একটি ওরিয়েন্টেশন প্রোগ্রামের আয়োজন করা হয়েছে। সকল নবনিযুক্ত কর্মকর্তাকে এই ওরিয়েন্টেশনে আবশ্যিকভাবে অংশগ্রহণের জন্য অনুরোধ জানানো হয়েছে।

শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি ও মাদরাসা শিক্ষা বিভাগের উপসচিব মোহাম্মদ মিকাইল স্বাক্ষরিত অফিস আদেশে কারিগরি শিক্ষা অধিদফতরকে যোগদানকৃত কর্মকর্তাদের অঙ্গীকারনামা, সম্পত্তির ঘোষণাপত্রসহ নিয়োগের অন্যান্য শর্তাদি নিশ্চিত করার এবং ওরিয়েন্টেশন কর্মসূচি সুচারুভাবে সম্পন্ন করার প্রয়োজনীয় ব্যবস্থা নিতে নির্দেশ দেয়া হয়েছে।

সূত্র : বাসস