ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ (আইজিপি) নামে ভুয়া বক্তব্য সম্বলিত ফটোকার্ড সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচার করা হচ্ছে। এ বিষয়ে বিভ্রান্ত না হতে আহ্বান জানিয়েছে পুলিশ সদর দফতর।
গতকাল বৃহস্পতিবার রাতে পুলিশ সদর দফতর এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানায়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে আইজিপি আলী হোসেন ফকিরকে উদ্ধৃত করে ‘কনস্টেবল, এসআই, ওসি, এসপি, ডিআইজি- ফ্যাসিস্টের কোনো পুলিশকেই দেশে থাকতে দেব না। দেশকে নিরাপত্তা দিতে আমরাই যথেষ্ট’- এ মর্মে একটি ভুয়া বক্তব্য সম্বলিত ফটোকার্ড কৃত্রিমভাবে তৈরি করে প্রচার করা হচ্ছে।
পুলিশ সদর দফতর জানায়, আইজিপি কোথাও এ ধরনের কোনো বক্তব্য দেননি। এ ধরনের ভুয়া ফটোকার্ড বা বিভ্রান্তিকর বক্তব্যে বিভ্রান্ত না হওয়ার জন্য সকলের প্রতি অনুরোধ জানানো হয়েছে।
সূত্র : বাসস



