ঈদযাত্রার মধ্যে রাজধানীর সদরঘাট লঞ্চ টার্মিনালে সংঘটিত লঞ্চ দুর্ঘটনার পর দ্রুত ব্যবস্থা নিয়েছে সরকার। ঘটনার জন্য দায়ীদের চিহ্নিত করতে দুর্ঘটনায় জড়িত দুটি লঞ্চের রুট পারমিট বাতিল করা হয়েছে। একইসাথে গঠন করা হয়েছে পৃথক দুটি তদন্ত কমিটি।
বুধবার (১৮ মার্চ) রাতে সদরঘাট লঞ্চ টার্মিনালে পৌঁছে দুর্ঘটনাস্থল পরিদর্শন করেন নৌপরিবহন প্রতিমন্ত্রী মো: রাজিব আহসান। এ সময় সংশ্লিষ্ট কর্মকর্তা ও প্রত্যক্ষদর্শীদের সাথে তিনি কথা বলেন।
পরিদর্শন শেষে নৌপরিবহন প্রতিমন্ত্রী সাংবাদিকদের জানান, দুর্ঘটনার জন্য দায়ীদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক ব্যবস্থা নেয়া হবে। ইতোমধ্যে সংশ্লিষ্ট দু’টি লঞ্চের রুট পারমিট বাতিল করা হয়েছে। পাশাপাশি এ ঘটনায় নৌপরিবহন মন্ত্রণালয় ও বিআইডব্লিউটিএ পৃথক দু’টি তদন্ত কমিটি গঠন করেছে। তিন কার্যদিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দেয়ার নির্দেশ দেয়া হয়েছে।
প্রতিমন্ত্রী আরো জানান, দুর্ঘটনায় আহতরা একই পরিবারের সদস্য এবং তারা বরিশালের মেহেন্দীগঞ্জ এলাকার বাসিন্দা। আহতদের মধ্যে একজন অন্তঃসত্ত্বা নারী রয়েছেন। তাদের চিকিৎসার সব ধরনের ব্যবস্থা নেয়া হয়েছে।
সূত্র : বাসস



