শাহজালাল বিমানবন্দর পরিদর্শন করলেন বিমানমন্ত্রী, মিষ্টি বিতরণ ও ঈদের শুভেচ্ছা বিনিময়

পরিদর্শনকালে তিনি যাত্রীসেবার মান বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন এবং পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষে কর্তব্যরত কর্মীদের মাঝে মিষ্টি বিতরণ করেন।

নয়া দিগন্ত অনলাইন
শাহজালাল বিমানবন্দর পরিদর্শনে বিমানমন্ত্রী
শাহজালাল বিমানবন্দর পরিদর্শনে বিমানমন্ত্রী |সংগৃহীত

বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী আফরোজা খানম (রিতা) আজ হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর পরিদর্শন করেছেন।

পরিদর্শনকালে তিনি যাত্রীসেবার মান বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন এবং পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষে কর্তব্যরত কর্মীদের মাঝে মিষ্টি বিতরণ করেন।

আজ শনিবার বিমানবন্দর পরিদর্শনে গেলে মন্ত্রীকে স্বাগত জানান বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক) এর চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মো: মোস্তফা মাহমুদ সিদ্দিক।

পরিদর্শনকালে মন্ত্রী বিমানবন্দরের বিভিন্ন গুরুত্বপূর্ণ বিভাগ ও এলাকা ঘুরে দেখেন এবং সার্বিক কার্যক্রমের খোঁজখবর নেন।

তিনি সংশ্লিষ্ট কর্মকর্তাদের সাথে মতবিনিময় করেন এবং যাত্রীসেবা আরো সহজ ও উন্নত করার বিষয়ে প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন।

ঈদ আনন্দ ভাগ করে নিতে মন্ত্রী বিমানবন্দরে কর্মরত কর্মকর্তা-কর্মচারীদের মাঝে মিষ্টি বিতরণ করেন এবং তাদের ঈদের শুভেচ্ছা জানান।

একইসাথে তিনি বিমানবন্দরে উপস্থিত যাত্রীদের সাথেও সরাসরি শুভেচ্ছা বিনিময় করেন।

পরিদর্শন শেষে মন্ত্রী বিমানবন্দরের বর্তমান ব্যবস্থাপনা ও সেবার মানে সন্তোষ প্রকাশ করে বলেন, ‘যাত্রীসেবার এই ইতিবাচক ধারা ভবিষ্যতেও অব্যাহত রাখতে হবে।’

এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন বেবিচক-এর সদস্য (পরিচালনা ও পরিকল্পনা) এয়ার কমডোর আবু সাঈদ মেহবুব খান, সদস্য (প্রশাসন) এস এম লাবলুর রহমান, সদস্য (নিরাপত্তা) এয়ার কমডোর মো: আসিফ ইকবালসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা। বাসস