ইসি রহমানেল মাছউদ

শিগগিরই সংরক্ষিত নারী আসনে নির্বাচন

‘সংরক্ষিত নারী আসনের নির্বাচন খুব শিগগিরই অনুষ্ঠিত হবে। রোজার মধ্যেই আমাদের এ নির্বাচন করার পরিকল্পনা রয়েছে।’

নয়া দিগন্ত অনলাইন
নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ
নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ |সংগৃহীত

ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের নির্বাচন শিগগিরই অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার (ইসি) আব্দুর রহমানেল মাছউদ।

বুধবার (১৮ ফেব্রুয়ারি) তিনি এ তথ্য জানিয়ে বলেন, ‘সংরক্ষিত নারী আসনের নির্বাচন খুব শিগগিরই অনুষ্ঠিত হবে। রোজার মধ্যেই আমাদের এ নির্বাচন করার পরিকল্পনা রয়েছে।’

শেরপুর-৩ ও বগুড়া-৬ আসনের উপ-নির্বাচনের বিষয়ে তিনি বলেন, ‘শেরপুর-৩ ও বগুড়া-৬ আসনের উপ-নির্বাচনও যত দ্রুত সময়ে সম্ভব অনুষ্ঠিত হবে। তবে রমজান মাসের মধ্যে হবে না। ঈদের পরে এটি হবে ইনশাআল্লাহ।’

সোমবার বগুড়া-৬ আসন শূন্য ঘোষণা করে গেজেট প্রকাশ করেছে নির্বাচন কমিশন।

গেজেটে বলা হয়েছে, ‘বাংলাদেশ নির্বাচন কমিশন নির্বাচনী এলাকা ৪১ বগুড়া-৬ এবং ১৯০ ঢাকা-১৭ হইতে জাতীয় সংসদে নির্বাচিত প্রার্থী তারেক রহমান গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানের ৭১ অনুচ্ছেদের (২) (ক) দফার বিধান অনুসারে নির্বাচনী এলাকা ১৯০ ঢাকা-১৭ এর প্রতিনিধিত্ব করিবার ইচ্ছা জ্ঞাপন করিয়া ১৬ ফেব্রুয়ারি ২০২৬ তারিখে নির্বাচন কমিশনের কাছে স্বাক্ষরিত ঘোষণাপত্র দাখিল করায়, ১৬ ফেব্রুয়ারি ২০২৬ তারিখ হইতে নির্বাচনী এলাকা ৪১ বগুড়া-৬ আসন শূন্য বলিয়া ঘোষণা করা হইল।’

এছাড়া জামায়াতে ইসলামীর প্রার্থীর মৃত্যুতে শেরপুর-৩ আসনে নির্বাচন বাতিল করে নির্বাচন কমিশন। বাসস