নকলের পর এবার মাদক-সন্ত্রাস ও ইভটিজিংয়ের বিরুদ্ধে শিক্ষামন্ত্রীর কঠোর অবস্থান

‘প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়ার যাত্রা অব্যাহত থাকবে এবং আগামীর বাংলাদেশ হবে আরো সুন্দর ও উন্নত।’

নয়া দিগন্ত অনলাইন
শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন কচুয়া উপজেলা পরিষদের মিলনায়তনে কর্মকর্তা-কর্মচারীদের সাথে মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাব দেন
শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন কচুয়া উপজেলা পরিষদের মিলনায়তনে কর্মকর্তা-কর্মচারীদের সাথে মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাব দেন |সংগৃহীত

শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন বলেছেন, শিক্ষাঙ্গনকে নকলমুক্ত করার ধারাবাহিকতায় এবার মাদক, সন্ত্রাস ও ইভটিজিংয়ের বিরুদ্ধেও কঠোর অবস্থান নেয়া হবে।

তিনি বলেন, কচুয়া উপজেলাকে কেন্দ্র করেই এ কার্যক্রম শুরু করার পরিকল্পনা রয়েছে।

শুক্রবার (২০ ফেব্রুয়ারি) কচুয়া উপজেলা পরিষদের মিলনায়তনে কর্মকর্তা-কর্মচারীদের সাথে এক মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, নকলমুক্ত শিক্ষাব্যবস্থা গড়ে তোলার যে উদ্যোগ কচুয়া থেকে শুরু হয়েছিল, তা ইতোমধ্যে ইতিবাচক ফল দিচ্ছে। একইভাবে মাদক ও সন্ত্রাসমুক্ত শিক্ষাঙ্গন গড়তেও স্থানীয় পর্যায় থেকেই কার্যক্রম শুরু করা হবে।

তিনি আরো বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়ার যাত্রা অব্যাহত থাকবে এবং আগামীর বাংলাদেশ হবে আরো সুন্দর ও উন্নত।

এর আগে, জেলা প্রশাসক মো: নাজমুল ইসলাম সরকার ও পুলিশ সুপার রবিউল হাসানসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা তাকে ফুলেল শুভেচ্ছা জানান।

পরবর্তী সময়ে মন্ত্রী হিন্দু ধর্মাবলম্বীদের সাথে মতবিনিময় সভায় অংশ নেন।

সংসদ সদস্য নির্বাচিত হওয়া ও পুনরায় শিক্ষামন্ত্রণালয়ের দায়িত্ব পাওয়ার পর প্রথমবারের মতো নিজ নির্বাচনী এলাকা কচুয়া উপজেলায় আগমন উপলক্ষে যাত্রাপথে দলীয় নেতাকর্মীরা তাকে ফুলেল শুভেচ্ছা জানান। বাসস