দ্রব্যমূল্য ও আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনাসহ তিন লক্ষ্য নিয়ে নবনির্বাচিত সরকার কাজ করবে বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
তিনি জানান, নতুন সরকারের জন্য যেসব বিষয় চ্যালেঞ্জ হিসেবে দাঁড়িয়েছে সেগুলো মোকাবিলায় দ্রুত পদক্ষেপ নেবে সরকার।
আজ বুধবার দুপুরে সচিবালয়ে প্রথম কর্মদিবসে নিজ দফতরে সাংবাদিকদের তিনি এ কথা জানান।
মির্জা ফখরুল বলেন, ‘রোজার মাসে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে রাখা, বিদ্যুৎ, জ্বালানি ও গ্যাসের উৎপাদন ও সরবরাহ মানুষের জন্য সহনীয় রাখা এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে এনে মানুষের নিরাপত্তার উদ্বেগ কাটানো, এই তিন লক্ষ্য নিয়ে কাজ করবে সরকার।’
দেশের আইনশৃঙ্খলা, অর্থনীতি ও পররাষ্ট্রনীতি ভঙ্গুর- সে বিষয়ে কি উদ্যোগ নেবেন জানতে চাইলে স্থানীয় সরকার মন্ত্রী বলেন, ‘না না, অতটা খারাপ না। আপনারা যতটা খারাপভাবে দেখছেন, অতটা খারাপ না। আমাদের আইনশৃঙ্খলা পরিস্থিতি আগের চেয়ে অনেক ইমপ্রুভ (উন্নত) হয়েছে। অর্থনীতি- ম্যাক্রো ইকোনমিক স্ট্যাবিলিটি (ব্যাষ্টিক অর্থনীতির স্থিতিশীলতা)- এটা অনেক ফিরে এসেছে। ব্যাংক তো অনেকটা কন্ট্রোলে এসেছে। এগুলো তো ধ্বংস হয়ে গিয়েছিল। আমরা মনে করি, সবার সমন্বিত প্রচেষ্টায়, এটা আরো ভালো করতে পারব।’



