ধর্ম মন্ত্রণালয়

৫ মার্চের মধ্যে হজযাত্রীদের স্বাস্থ্য পরীক্ষা শেষ করার নির্দেশ

ধর্ম মন্ত্রণালয়ের চিঠিতে উল্লেখ করা হয়েছে, ৩০টি এজেন্সির মোট ৭ হাজার ৩৫৫ জন হজযাত্রীর স্বাস্থ্য পরীক্ষা সম্পন্ন করা এখনো বাকি রয়েছে।

নয়া দিগন্ত অনলাইন
ধর্ম মন্ত্রণালয়ের লোগো
ধর্ম মন্ত্রণালয়ের লোগো |নয়া দিগন্ত

আগামী ৫ মার্চের মধ্যে সকল হজযাত্রীর স্বাস্থ্য পরীক্ষা, টিকা গ্রহণ ও গ্রুপ তৈরি সম্পন্ন করে ভিসা প্রক্রিয়া করার জন্য সংশ্লিষ্ট সব এজেন্সির মালিক ও ব্যবস্থাপকদের প্রতি আহ্বান জানিয়েছে ধর্ম মন্ত্রণালয়।

গতকাল বুধবার (২৫ সেপ্টেম্বর) এ অনুরোধ জানিয়ে ৩০টি এজেন্সির কাছে চিঠি পাঠিয়েছে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়।

চিঠিতে উল্লেখ করা হয়েছে, ৩০টি এজেন্সির মোট ৭ হাজার ৩৫৫ জন হজযাত্রীর স্বাস্থ্য পরীক্ষা সম্পন্ন করা এখনো বাকি রয়েছে। এর মধ্যে সর্বোচ্চ সংখ্যক বাকি রয়েছে বাংলাদেশ ওভারসিজ সার্ভিসেসের (১৩০৬ জন) এবং সর্বনিম্ন এহসান এয়ার ট্রাভেলসের (১০ জন)।

চিঠিতে বলা হয়, সৌদি হজ ও ওমরাহ মন্ত্রণালয়ের টাইমলাইন মোতাবেক আগামী ২০ মার্চ হজযাত্রীদের ভিসা প্রক্রিয়াকরণ শেষ করতে হবে। ভিসা প্রক্রিয়াকরণের পূর্বে স্বাস্থ্য পরীক্ষা করে ফিটনেস সনদ গ্রহণ এবং টিকা গ্রহণ বাধ্যতামূলক। ভিসা প্রক্রিয়াকরণের জন্য হজযাত্রীর গ্রুপ তৈরি, গ্রুপ প্রক্রিয়াকরণ ইত্যাদি যাবতীয় কার্যক্রম সম্পন্ন করে ভিসা পেতে ৫ থেকে ১০ দিন সময় লাগতে পারে। এছাড়া কারিগরি জটিলতার উদ্ভব হলে এর চেয়ে বেশি সময় প্রয়োজন হতে পারে।

আগামী ২০ মার্চের নিকটবর্তী সময়ে ঈদুল ফিতরের ছুটিতে বাংলাদেশ ও সৌদি আরব উভয় দেশেই সংশ্লিষ্ট অফিস বন্ধ থাকবে। ফলে ২০ মার্চের অনেক আগে পর্যাপ্ত সময় হাতে রেখে স্বাস্থ্য পরীক্ষা, টিকা প্রদান ও ভিসা প্রক্রিয়াকরণ সম্পন্ন করা প্রয়োজন বলে জানানো হয় চিঠিতে।

সূত্র : ইউএনবি

Topics