রাজধানীর সায়েদাবাদ ও মাওয়া রোডে অবৈধ বাস কাউন্টার উচ্ছেদ

‘ডিএসসিসির পূর্ব ঘোষিত এক নোটিশ অনুসারে টার্মিনালের বাইরে সড়কের পাশে থাকা সব অবৈধ টিকিট কাউন্টার বন্ধ ও অপসারণের সিদ্ধান্ত নেয়া হয়। এরই অংশ হিসেবে আজ সোমবার অবৈধ ৩১টি বাস কাউন্টারে ৪১টি তালা দিয়ে সিলগালা করা হয়।’

নয়া দিগন্ত অনলাইন
ঢাকা মেট্রোপলিটন পুলিশের ট্রাফিক ওয়ারী বিভাগের সহায়তায় অভিযান
ঢাকা মেট্রোপলিটন পুলিশের ট্রাফিক ওয়ারী বিভাগের সহায়তায় অভিযান |সংগৃহীত

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) বিশেষ অভিযানে রাজধানীর সায়েদাবাদ জনপথ মোড় ও যাত্রাবাড়ী মাওয়া রোডের মোড়ে অবৈধ বাস কাউন্টার উচ্ছেদ করা হয়েছে।

ঢাকা মেট্রোপলিটন পুলিশের ট্রাফিক ওয়ারী বিভাগের সহায়তায় এ অভিযান পরিচালিত হয়।

সোমবার (১৩ এপ্রিল) ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, ডিএসসিসির পূর্ব ঘোষিত এক নোটিশ অনুসারে টার্মিনালের বাইরে সড়কের পাশে থাকা সব অবৈধ টিকিট কাউন্টার বন্ধ ও অপসারণের সিদ্ধান্ত নেয়া হয়। এরই অংশ হিসেবে আজ সোমবার অবৈধ ৩১টি বাস কাউন্টারে ৪১টি তালা দিয়ে সিলগালা করা হয়।

জনসাধারণের চলাচল নির্বিঘ্ন করা এবং সড়কে শৃঙ্খলা ফিরিয়ে আনতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়। বাসস