পবিত্র রমজান মাসে ইফতারের সময় বিদ্যুৎ খাতে গ্যাসের চাহিদা পূরণ ও নিরবচ্ছিন্ন গ্যাস সরবরাহ নিশ্চিত করতে প্রতিদিন বিকেল ৩টা থেকে রাত ৯টা পর্যন্ত মোট ছয় ঘণ্টা সিএনজি স্টেশন বন্ধ রাখার নির্দেশনা দিয়েছে সরকার।
জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের উপসচিব মুহাম্মাদ নাজমুল হক স্বাক্ষরিত জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়, গ্যাস বিতরণ নেটওয়ার্কে স্বল্পচাপ পরিস্থিতি নিরসনের লক্ষ্যে আগে সন্ধ্যা ৬টা থেকে রাত ৯টা পর্যন্ত সিএনজি স্টেশন বন্ধ রাখার যে সময়সূচি ছিল, তা পরিবর্তন করে বিকেল ৩টা থেকে রাত ৯টা পর্যন্ত করা হয়েছে। যা আগামী ১৪ মার্চ পর্যন্ত কার্যকর থাকবে।
প্রজ্ঞাপনে আরো জানানো হয়, আসন্ন পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে মহাসড়কে যানবাহন চলাচল স্বাভাবিক রাখতে জ্বালানি সরবরাহ নিশ্চিত করার লক্ষ্যে আগামী ১৫-২৫ মার্চ পর্যন্ত সিএনজি ও ফিলিং স্টেশনসমূহ সার্বক্ষণিক খোলা থাকবে।
এছাড়া, আগামী ২৬ মার্চ থেকে পুনরায় আগের নিয়ম অনুযায়ী প্রতিদিন সন্ধ্যা ৬টা থেকে রাত ৯টা পর্যন্ত সিএনজি স্টেশন বন্ধ রাখা হবে।
সূত্র : বাসস



