আরো ৫ সিটিতে নতুন প্রশাসক নিয়োগ

নিয়োগ পাওয়া প্রশাসকেরা স্থানীয় সরকার (সিটি করপোরেশন) (সংশোধন) অধ্যাদেশ ২০২৪ এর ধারা ২৫ক এর উপধারা (৩) অনুযায়ী সিটি করপোরেশনের মেয়রের ক্ষমতা প্রয়োগ ও দায়িত্ব পালন করবেন।

নয়া দিগন্ত অনলাইন

আরো পাঁচটি সিটি করপোরেশনে নতুন প্রশাসক নিয়োগ দিয়েছে সরকার। শনিবার (১৪ মার্চ) স্থানীয় সরকার মন্ত্রণালয় থেকে তাদের নিয়োগের প্রজ্ঞাপন জারি করা হয়।

আগামীকাল তারা দায়িত্ব নেবেন বলে প্রজ্ঞাপনে বলা হয়েছে।

নতুন দায়িত্বপ্রাপ্তরা হলেন- বরিশাল সিটি করপোরেশনে বিলকিস আক্তার জাহান শিরীন, রাজশাহী সিটি করপোরেশনে মাহফুজুর রহমান, ময়মনসিংহ সিটি করপোরেশনে রুকুনোজ্জামান রোকন, রংপুর সিটি করপোরেশনে মাহফুজ উন নবী চৌধুরী ও কুমিল্লা সিটি করপোরেশনে মো: ইউসুফ মোল্লা।

প্রজ্ঞাপনে বলা হয়, নিয়োগ পাওয়া প্রশাসকেরা স্থানীয় সরকার (সিটি করপোরেশন) (সংশোধন) অধ্যাদেশ ২০২৪ এর ধারা ২৫ক এর উপধারা (৩) অনুযায়ী সিটি করপোরেশনের মেয়রের ক্ষমতা প্রয়োগ ও দায়িত্ব পালন করবেন। তারা বিধি মোতাবেক ভাতা পাবেন।

এ নিয়ে দেশের ১১ সিটি করপোরেশনে প্রশাসক নিয়োগ দিল সরকার। তবে চট্টগ্রাম সিটি করপোরেশনে আদালতের আদেশে বিএনপি নেতা শাহাদাত হোসেন মেয়রের দায়িত্ব পালন করছেন।

নতুন দায়িত্বপ্রাপ্তদের মধ্যে বিলকিস আক্তার জাহান বিএনপির কেন্দ্রীয় কমিটি সাংগঠনিক সম্পাদক (বরিশাল বিভাগ), মাহফুজুর রহমান রাজশাহী মহানগর বিএনপির সাধারণ সম্পাদক, রুকুনোজ্জামান রোকন ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপির সদস্যসচিব, মাহফুজ উন নবী চৌধুরী রংপুর মহানগর বিএনপির সদস্যসচিব ও মো: ইউসুফ মোল্লা কুমিল্লা মহানগর বিএনপির সাধারণ সম্পাদক।

স্থানীয় সরকার মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, সিটি করপোরেশনের নির্বাচন পর্যন্ত রাজনৈতিক প্রশাসকেরা দায়িত্ব পালন করবেন।

এর আগে গত ২৩ ফেব্রুয়ারি ঢাকা উত্তর, দক্ষিণসহ দেশের ছয় সিটি করপোরেশনে ছয়জন প্রশাসক নিয়োগ দেয়া হয়। ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে মো: আব্দুস সালাম, ঢাকা উত্তর সিটি করপোরেশনে মো: শফিকুল ইসলাম খান, খুলনা সিটি করপোরেশনে নজরুল ইসলাম মঞ্জু, সিলেট সিটি করপোরেশনে আব্দুল কাইয়ুম চৌধুরী, নারায়ণগঞ্জ সিটি করপোরেশনে মো: সাখাওয়াত হোসেন খান এবং গাজীপুর সিটি করপোরেশনে মো: শওকত হোসেন সরকারকে প্রশাসক নিয়োগ দেয়া হয়।