শেষ দিনে ভোটের মাঠে ফিরলেন ২৩ জন

আগারগাঁওয়ের নির্বাচন ভবনের সম্মেলন কক্ষে আজ প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দিনের সভাপতিত্বে পুরো কমিশনের উপস্থিতিতে এই আপিলের শুনানি অনুষ্ঠিত হয়।

বিশেষ সংবাদদাতা

আপিল শুনানির শেষ দিনে ২৩ জন বৈধতা পেয়ে ভোটের মাঠে ফিরলেন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়নপত্র বাছাইয়ে রিটার্নিং অফিসারের সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল শুনানির শেষ দিনে রোববার ৬৩টি আবেদনের শুনানি গ্রহণ করা হয়। শুনানিতে ২৩টি আপিল মঞ্জুর হয়েছে। এর মধ্যে মনোনয়নপত্র বাতিলের বিরুদ্ধে মঞ্জুর হয়েছে ২১টি আবেদন এবং মনোনয়নপত্র গ্রহণের বিরুদ্ধে মঞ্জুর হয়েছে ২টি আবেদন। কমিশন ৩৫টি আপিল না-মঞ্জুর করেছে বলে ইসির মো: রুহুল আমিন মল্লিক পরিচালক (জনসংযোগ) জানান।

আগারগাঁওয়ের নির্বাচন ভবনের সম্মেলন কক্ষে আজ প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দিনের সভাপতিত্বে পুরো কমিশনের উপস্থিতিতে এই আপিলের শুনানি অনুষ্ঠিত হয়।

ইসি জানায়, মনোনয়নপত্র বাতিলের বিরুদ্ধে না-মঞ্জুর হয়েছে ১৮টি আবেদন এবং মনোনয়নপত্র গ্রহণের বিরুদ্ধে না-মঞ্জুর হয়েছে ১৬টি আবেদন। রিটার্নিং অফিসার কর্তৃক মনোনয়নপত্র বাতিলাদেশ বহাল রাখা-সংক্রান্ত ১টি আপিল না-মঞ্জুর হয়েছে। শুনানিকালে ৩টি আপিল আবেদন প্রত্যাহার করে নেয়া হয়েছে এবং ১ জন আপিলকারী অনুপস্থিত ছিলেন। কমিশন ২টি আপিল আবেদন অপেক্ষমাণ রেখেছে।

আর সুপ্রিম কোর্টের আপিল বিভাগের নির্দেশনার আলোকে নির্বাচন কমিশন ঘোষিত তফসিল অনুযায়ী গতকাল শনিবার ছিল পাবনা-১ ও পাবনা-২ সংসদীয় আসনে মনোনয়নপত্র দাখিলের শেষ দিন। শেষ দিনে পাবনা-১ আসনে ৭টি এবং পাবনা-২ আসনে ৫টি মনোনয়নপত্র জমা পড়েছে।