তুরস্কে তথ্যমন্ত্রীর দ্বিতীয় দিন

বাংলাদেশ-তুরস্কের মধ্যে তথ্য বিনিময়ে সমঝোতার সিদ্ধান্ত

বৈঠকে দুই ভ্রাতৃত্বপ্রতিম দেশের পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিষয় এবং দ্বিপক্ষীয় সম্পর্ক আরো সুদৃঢ় করার ওপর গুরুত্ব আরোপ করা হয়।

নয়া দিগন্ত অনলাইন
প্রফেসর বুরহানেত্তিন দুরান এবং তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপনের মধ্যে দ্বিপক্ষীয় বৈঠক
প্রফেসর বুরহানেত্তিন দুরান এবং তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপনের মধ্যে দ্বিপক্ষীয় বৈঠক |সংগৃহীত

বাংলাদেশ ও তুরস্কের মধ্যে আধুনিক তথ্য ব্যবস্থাপনা সংক্রান্ত জ্ঞান বিনিময় এবং তথ্য আদান-প্রদানের লক্ষ্যে একটি সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষরের নীতিগত সিদ্ধান্ত হয়েছে।

শনিবার (২৮ মার্চ) ইস্তাম্বুলে চলমান আন্তর্জাতিক স্ট্র্যাটেজিক কমিউনিকেশন সামিট (স্ট্র্যাকম)-এর দ্বিতীয় দিনে যোগদানের পাশাপাশি তুরস্কের প্রেসিডেন্সিয়াল কমিউনিকেশন ডিরেক্টরেটের পরিচালক (মন্ত্রী পদমর্যাদা) প্রফেসর বুরহানেত্তিন দুরান এবং বাংলাদেশের তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপনের মধ্যে অনুষ্ঠিত এক দ্বিপক্ষীয় বৈঠকে এ সিদ্ধান্ত হয়।

বৈঠকে তুরস্কে বাংলাদেশের রাষ্ট্রদূত এম আমানুল হক উপস্থিত ছিলেন।

বৈঠকে দুই দেশের আধুনিক তথ্য ব্যবস্থাপনা পদ্ধতি ও কৌশল বিনিময়ের বিষয়ে বিস্তারিত আলোচনা হয়।

এ সমঝোতা চুক্তির আওতায় ভবিষ্যতে বাংলাদেশ টেলিভিশন (বিটিভি), বাংলাদেশ বেতার এবং বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস) তুরস্কের সমমানের প্রতিষ্ঠানগুলোর সাথে কারিগরি ও পেশাদারিত্বের মানোন্নয়নে একযোগে কাজ করবে।

এর আগে, সফরের দ্বিতীয় দিনে তথ্যমন্ত্রী তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদানের সাথে সৌজন্য সাক্ষাৎ করেন।

বৈঠকে দুই ভ্রাতৃত্বপ্রতিম দেশের পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিষয় এবং দ্বিপক্ষীয় সম্পর্ক আরো সুদৃঢ় করার ওপর গুরুত্ব আরোপ করা হয়।

পরবর্তী সময়ে মন্ত্রী তুরস্কের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা ‘আনাদুলু নিউজ অ্যাজেন্সি’র শীর্ষ কর্মকর্তাদের সাথেও বৈঠক করেন।

বৈঠকে দুই দেশের প্রধান সংবাদ সংস্থাগুলোর মধ্যে সংবাদ আদান-প্রদান ও প্রাতিষ্ঠানিক সহযোগিতার বিষয়ে একটি সমঝোতা চুক্তির ব্যাপারে ফলপ্রসূ আলোচনা হয়।

আন্তর্জাতিক স্ট্র্যাটেজিক কমিউনিকেশন সামিটে আমন্ত্রিত হয়ে তুরস্ক সফররত তথ্য ও সম্প্রচার মন্ত্রী তার এ সফর শেষ করে আগামী ৩০ মার্চ দেশে ফিরবেন বলে আশা করা হচ্ছে। বাসস